একে ম্যাচ হার, তার উপর শাস্তির খাঁড়া। আইপিএলে (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পর বিসিসিআইয়ের শাস্তির কবলে পড়লেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। বোর্ডের আচরণ বিধি ভাঙার অপরাধে তাঁর ম্যাচ ফি'র ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
ঠিক কী অপরাধ করেছেন হার্দিক? ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বোলিংয়ের সময়। দশম ওভারে হার্দিক রানআপে ফিরতে গিয়ে ইচ্ছাকৃত উইকেটের বেল উড়িয়ে দেন। যা শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনার জেরে আইপিএল আচরণবিধি ভাঙার অভিযোগ ওঠে হার্দিকের বিরুদ্ধে। ম্যাচ রেফারি রাজীব শেঠ তাঁকে লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করে সতর্ক করেন। তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। আইপিএলের ধারা ২.২ অনুযায়ী, ক্রিকেট পরিকাঠামো, পোশাক বা মাঠের সামগ্রীর ক্ষতি করার চেষ্টা করলে এই শাস্তি হয়।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, 'ম্যাচের দ্বিতীয় ইনিংসে দশম ওভারের চতুর্থ বলে রানআপের সময় জোর করে উইকেটের বেল উড়িয়ে দেন।' হার্দিক শাস্তি মেনে নিয়েছেন। তবে এর জন্য নির্বাসিত হবেন না হার্দিক। নিয়মানুযায়ী, চার থেকে সাতটি ডেমেরিট পয়েন্ট পেলে কোনও প্লেয়ারকে এক ম্যাচ নির্বাসিত করা হয়।
এই মুহূর্তে লিগ টেবিলে নবম স্থানে মুম্বই ইন্ডিয়ান্স। ১৩ ম্যাচে ৮ পয়েন্ট। প্লেঅফের যোগ্যতা অর্জনের আশা বহুদিনে আগেই শেষ। হার্দিক মাঝে দলে ছিলেন না। চোটের জন্য বাইরে থাকলেও বিভিন্ন জল্পনা রয়েছে। আদৌ আর মুম্বইয়ের হয়ে ভবিষ্যতে খেলবেন কি না, সেটাও একটা প্রশ্ন। সব মিলিয়ে মুম্বই দল পুরো ছত্রভঙ্গ। সেটার রাগই কি বেরিয়ে পড়ছে হার্দিকের?
