পরপর দুই ম্যাচে জয় পেয়ে কিছুট ছন্দে ফিরেছে চেন্নাই সুপার কিংস। পয়েন্ট তালিকায় একেবারে শেষ স্থান থেকে উন্নতি করছে ধীরে ধীরে। এহেন পরিস্থিতিতে ইয়েলো আর্মি শিবিরে একইসঙ্গে এল সুসংবাদ এবং দুঃসংবাদ। একদিকে চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন তারকা পেসার খলিল আহমেদ। তবে সূত্রের খবর, চোট সারিয়ে আবারও ২২ গজে ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।
মঙ্গলবার কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন খলিল। প্রথম তিন ওভারে দারুণ বোলিং করেন। তুলে নেন ওপেন করতে নামা সুনীল নারিনের উইকেটও। কিন্তু নিজের শেষ ওভার বল করতে এসে আচমকাই খোঁড়াতে থাকেন। ওভার সম্পূর্ণ করার আগেই তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। পরে জানা যায়, থাইয়ের পেশিতে গুরুতর চোট পেয়েছেন খলিল। গ্রেড টু টিয়ার ধরা পড়েছে তাঁর। পায়ের নানা অংশের একাধিক পেশি ছিঁড়ে গিয়েছে বলেই খবর। প্রাথমিকভাবে অনুমান, অন্তত ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে খলিলকে।
চলতি আইপিএলে সিএসকে পেস লাইন আপের অন্যতম ভরসা ছিলেন খলিল। তিনি ছিটকে গেলে সিএসকের সমস্যা বাড়বে। পরিবর্ত হিসাবে মুকেশ চৌধুরীকে নিতে পারে চেন্নাই। তবে একইসঙ্গে ইয়েলো আর্মির ভক্তকুলের জন্য় রয়েছে খুশির খবরও। সেটা হল, দীর্ঘ প্রতীক্ষার পর চেন্নাইয়ের জার্সিতে নামতে চলেছেন ধোনি। চোটের কারণে আইপিএলের প্রথম তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এবার ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন ধোনি। দ্রুতই ফিরবেন আইপিএলে।
কবে আবারও মাহি ম্যাজিক দেখবেন ক্রিকেটপ্রেমীরা? সূত্রের খবর, চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচে নামার মতো ফিট হতে পারেননি মাহি। আগামী ২৩ এপ্রিল ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সিএসকের ম্যাচ রয়েছে। সেখানে ধোনির খেলার সম্ভাবনা প্রবল। কেকেআর ম্যাচের আগে দেখা গিয়েছিল, ব্যাটিং কোচ মাইক হাসির তত্ত্বাবধানে ব্যাট করছেন ধোনি। তবে এখনও বোলারদের বিরুদ্ধে পুরোদমে ব্যাট করেননি। মুম্বই ম্যাচে কি স্বমহিমায় ফিরবেন মাহি?
