shono
Advertisement

Breaking News

Vaibhav Sooryavanshi

নেটে ঝড় তুলে বার্তা বৈভবের, ইডেনে বরুণ-নারিন মোকাবিলায় 'রহস্য স্পিনার' খুঁজছে রাজস্থান

রাজস্থান রয়্যালসের জার্সিতে এই মরশুমে ইতিমধ্যেই ২০০ রান করে ফেলেছে সে, তাও আবার অবিশ্বাস্য স্ট্রাইক রেটে। সিনিয়রদের ছাপিয়ে যাওয়ার সেই গল্প এখন ড্রেসিংরুম থেকে গ্যালারি - সর্বত্র ছড়িয়ে পড়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 10:18 PM Apr 17, 2026Updated: 10:24 PM Apr 17, 2026

ইডেন গার্ডেন্সে শুক্রবারের বিকেলটা একটু আলাদাই ছিল। আলো-ছায়ার খেলায় ভেসে থাকা সেই ঐতিহাসিক মাঠে নেট প্র্যাকটিস চলছিল ঠিকই, কিন্তু সব চোখ ছিল এক কিশোরের দিকে। বৈভব সূর্যবংশী। তাছাড়াও ইডেনে বরুণ-নারিন মোকাবিলায় 'রহস্য স্পিনার' খুঁজছে রাজস্থান। 

Advertisement

বয়স মাত্র ১৫। অথচ ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ত্রাস। রাজস্থান রয়্যালসের জার্সিতে এই মরশুমে ইতিমধ্যেই ২০০ রান করে ফেলেছে সে, তাও আবার অবিশ্বাস্য স্ট্রাইক রেটে। সিনিয়রদের ছাপিয়ে যাওয়ার সেই গল্প এখন ড্রেসিংরুম থেকে গ্যালারি - সর্বত্র ছড়িয়ে পড়েছে।

কিন্তু ক্রিকেট তো শুধু রূপকথা নয়, এখানে ধাক্কাও আছে। ঠিক আগের ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম বলেই ফিরে যেতে হয়েছিল তাকে। প্রফুল হিঙ্গের একটা শর্ট বল, আর মুহূর্তেই নিস্তব্ধতা। সেই ম্যাচে হারের মুখ দেখে বৈভবের দল। হয়তো সেই আঘাতটাই আরও জেদি করে তুলেছে 'ছোট্ট' বৈভবকে।

নেটে নামার পর সেটা বোঝা গেল স্পষ্ট। একটার পর একটা বল, একটার পর একটা শট। কখনও ড্রাইভ, কখনও পুল, কখনও নিখুঁত টাইমিং। একেবারে ধুন্ধুমার শো। পাশে দাঁড়িয়ে কোচ বিক্রম রাঠোর কিছু বলছেন। আর বৈভব সেটা মন দিয়ে শুনছে। আবার চেষ্টা করছে। যেন প্রতিটা বলের মধ্যেই লুকিয়ে নিজের ভুল শোধরানোর সুযোগ।

এই ইডেনই আবার তার জন্য স্মৃতির মিশেল। গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এখানেই ঝড় তুলে করেছিল অপরাজিত ১০১। আবার গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একই মাঠে থেমে গিয়েছিল মাত্র ৪ রানে। নেটের অন্য প্রান্তে তখন ব্যস্ত রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার। পরে যোগ দিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু বৈভব যেন নিজের লড়াইটাই লড়ছে নিজের সঙ্গেই।

পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা রাজস্থানের সামনে রবিবার বড় চ্যালেঞ্জ। তাদের উপরে রয়েছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পথটা সহজ নয়। সেই কারণেই রাজস্থান ম্যানেজমেন্ট নেট বোলার হিসাবে কর্তৃপক্ষের কাছে রহস্য স্পিনার চেয়েছিল। কারণ কেকেআরে রয়েছে বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের মতো রহস্য স্পিনার। যদিও তেমন কোনও নেট বোলারের হদিশ আপাতত পাওয়া যায়নি। তবে ডানহাতি-বাঁহাতি পেসার থেকে স্পিনার সকলেই রাজস্থানের নেটে নাগাড়ে বোলিং করেছেন। তাঁদের মধ্যে নজর কেড়েছেন ভবনীপুরের বাঁহাতি স্পিনার বিনয় চৌধুরী। রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ। তার তিন দিন আগে শহরে চলে এসেছে রাজস্থান। বৃহস্পতিবার দুপুরে ইডেনে প্রায় ঘণ্টা তিনেক ট্রেনিং চলল। শক্রবারও চুটিয়ে অনুশীলন করলেন রাজস্থান ক্রিকেটাররা। নাইটদের কড়া চ্যালেঞ্জ দিতে কোনও রকম কসরত ছাড়ছে না তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement