shono
Advertisement
PBKS

পাঞ্জাব তারকার ছক্কা সোজা এসে বৃদ্ধ দর্শকের মুখে! স্টেডিয়ামে রক্তারক্তি কাণ্ড, ভিডিও ভাইরাল

Published By: Arpan DasPosted: 12:25 PM Apr 29, 2026Updated: 12:56 PM Apr 29, 2026

ছয় মারার জন্যই বিখ্যাত প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র একটা ছক্কাই হাঁকাতে পেরেছেন পাঞ্জাব কিংসের তারকা। কিন্তু তার জেরে আহত হলেন এক বৃদ্ধ। প্রিয়াংশর হাঁকানো ছক্কা স্টেডিয়ামে এক বৃদ্ধ দর্শকের মুখে এসে লাগে। মুহূর্তে গলগল করে রক্ত বেরোতে থাকে।

Advertisement

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে পাঞ্জাব তোলে ২২২ রান। তার মধ্যে প্রিয়াংশ ১১ বলে করেন ২৯ রান। মারেন ৫টা চার ও একটি ছক্কা। নান্দ্রে বার্গারের বলে ওই একটা ছক্কাতেই বিপদ। মুল্লানপুরের স্টেডিয়াম এমনিতে ছোট। প্রিয়াংশের ছক্কা সোজা দর্শকাসনে গিয়ে পড়ে।

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যায়, এক বৃদ্ধ দর্শকের মুখ ফেটে গলগল করে রক্ত পড়ছে। তাঁর সাদা পোশাকে রক্তের দাগ দেখা যায়। পাশের দর্শকরা সঙ্গে সঙ্গে তাঁর শুশ্রূষায় এগিয়ে আসেন। ক্ষত মুছিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। জানা গিয়েছে, তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রিয়াংশের ২৯ ছাড়াও প্রভসিমরন সিং ৫৯ ও মার্কাস স্টয়নিস ৬২ রান করেন। জবাবে ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রাজস্থান। রীতিমতো ঝড় দিয়ে শুরু করে 'জয়-সূর্য' জুটি। যশস্বী জয়সওয়াল ২৭ বলে ৫১ রান করেন। বৈভবের তাণ্ডব এদিনও বজায় ছিল। ১৬ বলে ৪৩ রান করে। যার মধ্যে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। আইপিএল কেরিয়ারে ২৯০ বলে খেলে ছক্কা হাঁকিয়েছে ৬১টি। অর্থাৎ প্রতি ৪.৭৫ বলে একটি করে ছয়। আর এবারের আইপিএলে ৪০০ রান করে ফেলল। তাও মাত্র ১৬৭ বল খেলে। যা আইপিএলের ইতিহাসে এক মরশুমে দ্রুততম ৪০০ রান। এছাড়া ডোনোভান ফেরেরার ২৬ বলে ৫২ রানে ম্যাচ জেতে রাজস্থান। থামল পাঞ্জাবের অপরাজিত দৌড়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement