ধরমশালার মনোরম পাহাড়ি পরিবেশের মধ্যেও স্বাগতিক পাঞ্জাব কিংস শিবিরে ছিল হতাশার ছায়া। সোমবারের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৩ রানে হেরে হারের ডবল হ্যাটট্রিক করেছে প্রীতি জিন্টার (Preity Zinta) দল। টানা ৭ ম্যাচ অপরাজিত থেকে লিগ শুরু পাঞ্জাব এখন প্লেঅফে ওঠার রাস্তা কঠিন করে ফেলেছে। এরপর পাঞ্জাব মালকিনকে 'কথা শোনাতে' দেখা গেল অধিনায়ক শ্রেয়সকে।
প্রাক্তন নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ারের ৭৩ রানের সৌজন্যে জিতে আনুষ্ঠানিকভাবে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে প্লেঅফে যোগ্যতা অর্জন করেছে আরসিবি। আর সেই সুবাদে প্লেঅফের অঙ্কে নাইট রাইডার্সের সুবিধাই হল। ১৩ ম্যাচে পয়েন্ট ১৩ নিয়ে পাঞ্জাব রইল চার নম্বরেই। ম্যাচের পর শ্রেয়সের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় 'রাগার্ত' প্রীতিকে। যদিও পাঞ্জাব অধিনায়ককে তিনি কী বলেছেন, সেটা স্পষ্ট নয়। ঘটনার ভিডিও দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
অনেকেই পাশে দাঁড়িয়েছেন প্রীতি জিন্টার। এক ইউজার লেখেন, 'জিন্টা মোটেও বকাঝকা করছেন না, বরং দলকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছেন।' আরেকজনের মন্তব্য, 'পঞ্জাবের সমস্যা স্কিল নয়, ধারাবাহিকতা। ওটাই ফিরিয়ে আনতে হবে।' কেউ আবার খানিক রসিকতার সুরে লেখেন, 'প্রতি বছরই দারুণ শুরু, তারপর একই গল্প। পাঞ্জাব যেন স্ক্রিপ্ট মেনে চলে!' আরও এক নেটিজেনের মতে, 'শ্রেয়সের উপর চাপ অনেক। কিন্তু এই সময়েই নেতৃত্বের আসল পরীক্ষা।'
এখানেই শেষ নয়। আরও একটি ভিডিওয় দেখা যায়, প্রীতি জিন্টাকে পাঞ্জাব ক্রিকেটার জিতেশ শর্মার সঙ্গে কথা বলতে। বেঙ্গালুরুর হয়ে খেললেও একসময় পঞ্জাবের প্রতিনিধিত্ব করেছিলেন। ফলে পাঞ্জাব মালকিনের সঙ্গে তাঁর সাক্ষাৎ নস্টালজিয়ার আবহ তৈরি করে। উল্লেখ্য, ধরমশালায় টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স। কোহলি-ভেঙ্কটেশের দুর্দান্ত ইনিংসে ২২২ রান তোলে আরসিবি। জবাবে ১৯৯ রানের বেশি তুলতে পারেনি পাঞ্জাব। প্লেঅফে জায়গা পাকা করতে পঞ্জাব কিংসের সামনে এখন বাকি ম্যাচগুলো জিতে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনও পথ খোলা নেই।
