ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসে ই-সিগারেটে সুখটান। এরপর বিসিসিআইয়ের শাস্তির কোপে পড়তে হয় তাঁকে। তার উপর ব্যাট হাতেও ধারাবাহিক রান না পাওয়ায় চাপ বাড়ছিল রাজস্থান রয়্যালস অধিনায়কের উপর। তবে শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫০ বলে ঝকঝকে ৯০ রানের ইনিংস খেলে সমালোচকদের কড়া জবাব দিলেন তিনি। সঙ্গে ধূমপান বিতর্ক নিয়ে মুখ খুলেছেন পরাগ।
যদিও ব্যক্তিগত সাফল্য নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন রিয়ান। ম্যাচের পর তাঁকে জিজ্ঞেস করা হয়, ৮টি চার ও ৫টি ছক্কায় সাজানো এই ইনিংস কি সমালোচকদের উত্তর? জবাবে তিনি বলেন, সমালোচকদের আলাদা করে কিছু বলার প্রয়োজন মনে করেন না। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জয় এবং দুই পয়েন্ট। তাই দল হারলে ব্যক্তিগত রান বা বড় ইনিংসের বিশেষ মূল্য নেই বলেই জানান তিনি।
ম্যাচের পর ধূমপান বিতর্ক নিয়ে রাজস্থান অধিনায়ক বলেন, "যাঁরা সমালোচনা করছেন, তাঁদের জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দিনের শেষে আমার লক্ষ্য শুধু দলের জন্য ২ পয়েন্ট আনা।" তিনি আরও বলেন, "আমরা যদি ম্যাচ হেরে যাই, তা হলে আমার রান বা ব্যক্তিগত ইনিংসের কোনও গুরুত্ব নেই।" ঘটনাচক্রে রিয়ান রান পেলেও দিল্লি ক্যাপিটাসের কাছে হেরে গিয়েছে তারা। ২২৫ রান তুলেও কুম্ভ রক্ষ করতে পারেনি গোলাপি বাহিনী।
২৮ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের দিন সাজঘরে ই-সিগারেট সেবনের অভিযোগে বিসিসিআই রিয়ানকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করে। যার অঙ্ক প্রায় ২৫ লাখ টাকা। উল্লেখ্য, দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে রিয়ানের দল। শুক্রবারের এই ইনিংস অবশ্য তাঁর আত্মবিশ্বাস অনেকটাই ফিরিয়ে দিল।
