shono
Advertisement
MS Dhoni

ধোনি থাকলে দলের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়! কী জানালেন সিএসকে'র ব্যাটিং কোচ?

চেন্নাই সুপার কিংসের ম্যাচে গ্যালারি বা ডাগআউটে অনুপস্থিত থাকছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর উপস্থিতি দলের উপর অতিরিক্ত চাপ তৈরি করে! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কী জানালেন সিএসকে'র ব্যাটিং কোচ মাইক হাসি?
Published By: Prasenjit DuttaPosted: 11:02 AM May 02, 2026Updated: 11:05 AM May 02, 2026

কবে মাঠে ফিরবেন এমএসডি? এটা এখন লাখ টাকার প্রশ্ন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন তিনি। তা সত্ত্বেও নামছেন না। এমনকী চেন্নাই সুপার কিংসের ম্যাচে গ্যালারি বা ডাগআউটে অনুপস্থিত থাকছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর উপস্থিতি দলের উপর অতিরিক্ত চাপ তৈরি করে! মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কী জানালেন সিএসকে'র ব্যাটিং কোচ মাইক হাসি?

Advertisement

হাসির মতে, ধোনি ইচ্ছাকৃতভাবেই মাঠে আসছেন না, যাতে দলের মনঃসংযোগ নষ্ট না হয়। তিনি বলেন, "ধোনি সব সময় দলের ভালোর কথাই ভাবে। ওর মনে হয়েছে, মাঠে এলে বাকিদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। ক্যামেরা বারবার ওকেই দেখাবে, দর্শকেরাও ওকে দেখে চিৎকার করবে। ধোনি চায় দল শান্ত মাথায় নিজেদের সেরাটা দিক। তাই ও মাঠে আসছে না।"

মাঠে দেখা না গেলেও দলের সঙ্গে তাঁর যোগাযোগে কোনও ঘাটতি নেই। হাসি জানান, ধোনি হোটেল থেকেই মন দিয়ে ম্যাচ দেখেন এবং নিয়মিত অনুশীলন। সেখানে ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান, নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং দলকে অনুপ্রাণিত করেন। হাসি বলেন, "হোটেল রুম থেকে মন দিয়ে দলের ম্যাচ দেখে ধোনি। ব্যক্তিগতভাবে আমি সব সময় ওকে ড্রেসিংরুমে চাই। ধোনি থাকলে বুদ্ধির অভাব হয় না। বাকিদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিতে পারে। অনুশীলনে ও সব সময় মজার মেজাজে থাকে, সতীর্থদের সঙ্গে হাসিঠাট্টা করে।"

প্রশ্ন হল, ম্যাচ চলাকালীন ধোনির মতো সিনিয়র ক্রিকেটারের স্টেডিয়ামের চৌহদ্দিতে না থাকা কি সমর্থনযোগ্য? হাসি জানিয়ে দেন, "এটা ঠিক কি ভুল, সেটা বিচার করার কাজ আমার নয়। তবে আমি যতটুকু জানি, তাতে ধোনি মাঠে না আসার কারণ ওটাই।" অর্থাৎ তাঁর উপস্থিতি যেন দলের উপর অতিরিক্ত চাপ তৈরি না করে, সেটাই ধোনির প্রধান লক্ষ্য বলেই স্পষ্ট করেছেন হাসি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement