আরসিবি: ১৫৫/১০ (দেবদত্ত ৪০, কোহলি ২৮, আরশাদ খান ২২/৩, রশিদ খান ১৯/২)
গুজরাট টাইটান্স: ১৫৮/৬ (গিল ৪৩, বাটলার ৩৯, ভুবনেশ্বর ২৮/৩, রোমারিও ৩০/২)
৪ উইকেটে জয়ী গুজরাট।
দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, টিম ডেভিডরা ঝড় তুলছেন ব্যাটে। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে মাত্র ৭৫ রানে গুটিয়ে আরসিবি'কে জিতিয়েছেন ভুবনেশ্বর-হ্যাজেলউডরা। আহমেদাবাদে নামার আগে এই ছিল কিং কোহলিদের দলের ছবি। টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর হয়েই নেমেছিল বেঙ্গালুরু। তবে 'প্রিন্স' গিলের ডেরায় গিয়ে কেমন যেন খেই হারিয়ে ফেললেন গতবারের চ্যাম্পিয়নরা। জয়ের হ্যাটট্রিকের সুযোগ হারালেন তাঁরা। আরসিবি'র দেওয়া ১৫৬ রান ১৫.৫ ওভারে তাড়া করে জিতল গুজরাট।
চলতি আইপিএলে আরসিবি'র অন্যতম বড় শক্তি তাদের ব্যাটিং লাইনআপ। কিন্তু বৃহস্পতিবার সেই ব্যাটিংই ডুবিয়ে দিল তাদের। চলতি মরশুমে দ্বিতীয়বার এতটা ব্যর্থ হল তাদের ব্যাটাররা। বিরাট কোহলি-সহ প্রায় কেউই রান পাননি। একমাত্র দেবদত্ত পড়িক্কল কিছুটা লড়াই করলেন। ২৪ বলে তাঁর সংগ্রহ ৪০ রান। তিনি না থাকলে স্কোর আরও কমে যেত। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে যায় বেঙ্গালুরু। টানা ১২ ম্যাচ পর আইপিএলে অলআউট হওয়ার লজ্জার মুখেও পড়তে হল তাদের। ৩ উইকেট পেলেন আরশাদ খান। দু’টি করে ভাগ করে নিলেন জেসন হোল্ডার এবং রশিদ খান।
১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অসাধারণ শুরু করেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। মনে রাখতে হবে, গুজরাট মুম্বই ইন্ডিয়ান্স এবং আরসিবি'র কাছে হারের ধাক্কা কাটিয়েছে চেন্নাইয়ে সিএসকে'র বিরুদ্ধে দুরন্ত জয়ে। আবারও জয়ের খোঁজে মরিয়া শুভমান শুরু করলেন ঝড়ের গতিতে। ওভার পিছু ১৪ করে রান উঠছিল। তবে গুজরাটের ওপেনিং জুটি ভাঙেন বহু যুদ্ধের পোড় খাওয়া নায়ক ভুবনেশ্বর কুমার। তাঁর ইনকাটার খোঁচা দিয়ে ফেরেন সাই সুদর্শন (১)। দুরন্ত ক্যাচ নেন জিতেশ শর্মা। মাত্র ১ রানে সাজঘরে ফিরতে পারতেন জস বাটলার। ইংরেজ ব্যাটারের সহজ ক্যাচ ফেলেন বেঙ্গালুরু কিপার। সেই বাটলারই ১৯ বলে ৩৯ রানের ঝড় তুলে ফিরলেন সেই ভুবির বলেই।
ঝড়ের মেজাজে শুরু করলেও ১৮ বলে ৪৩ রানের বেশি করতে পারলেন না গিল। রান পেলেন না ওয়াশিংটন সুন্দর (১২) এবং শাহরুখ খান (৮)। একটা সময় ১১১ রানে ৫ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় গুজরাট। সেখান থেকে রাহুল তেওয়াটিয়া এবং জেসন হোল্ডারের জুটিতে ওঠে গুরুত্বপূর্ণ ৩০ রান। ১২-র বেশি করতে পারেননি হোল্ডার। তবে ১৭ বলে ২৭ রানে অপরাজিত থেকে গুজরাটকে জয়ের সরণিতে নিয়ে যান তেওয়াটিয়া। আরসিবি'র হয়ে এদিনও দুরন্ত ফর্মে ছিলেন ভুবনেশ্বর কুমার। নিলেন ২৮ রানে ৩ উইকেট। কিন্তু গত ম্যাচের 'হিরো' জশ হ্যাজেলউড দিলেন ৪ ওভারে ৫৬ রান। কম রানের পুঁজি নিয়ে লড়াই করতে নেমে দলের প্রধান স্ট্রাইক বোলারের এমন হতাশাজনক পারফরম্যান্সে আর যাই হোক, জেতা যায় না। ছ'ম্যাচ আগে ঘরের মাঠে দু'শোর উপর রান তাড়া করে গুজরাটের বিরুদ্ধে জিতেছিল গুজরাট। সেই গুজরাটই শেষ পর্যন্ত ৪ উইকেটে ম্যাচ জিতে মধুর প্রতিশোধ নিল।
