আইপিএলে শুরুটা ভালো হয়নি। তবে দারুণভাবে সামলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবলে অনেকটা ভালো জায়গায় রয়েছে তারা। ব্যাটিং হোক বা বোলিং- সব বিভাগেই ভালো পারফর্ম করছে দল। সেখানে তারকাখচিত দল হয়েও এখনও ধারাবাহিকতা খুঁজে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে ফর্মে থাকা সানরাইজার্সের মুখোমুখি হওয়ার আগে সিনিয়র প্লেয়ারদের পারফরম্যান্সই মাথাব্যথা পাঁচবারের চ্যাম্পিয়নদের।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচটা দুঃস্বপ্নের মতো গিয়েছে মুম্বইয়ের। আইপিএলের 'এল ক্লাসিকো'য় তারা হেরেছে ১০৪ রানে, ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে যা সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। চেন্নাই ম্যাচের আগে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জিতেছিলেন হার্দিক পাণ্ডিয়ারা, তার আগে টানা চার ম্যাচে হারের পর। সাত ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ন'নম্বরে থাকা মুম্বই ক্রমেই ছিটকে যাচ্ছে প্লে-অফের দৌড় থেকে। চেন্নাই ম্যাচ হারের পর দু'দিনের জন্য টিমকে জামনগরে নিয়ে গিয়েছিল মুম্বই ম্যানেজমেন্ট। ছুটি কাটিয়ে নতুন শুরুই পরিকল্পনা তাদের। মুম্বই পেসার অশ্বনী কুমার বলছিলেন, "এই দু'টো দিন বেশ কাজে লেগেছে। দলের সবাই এখন অনেকটা চাপমুক্ত। আশা করছি এই বিরতি আমাদের সাহায্য করবে।"
এই ম্যাচেও রোহিত শর্মার খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অবশ্য মঙ্গলবার ওয়াংখেড়েতে পুরোদমেই ব্যাটিং করেছেন তিনি। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, বুধবার ফিটনেস পরীক্ষার পর রোহিত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও তিনি খেললে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবেই নামবেন। অন্যদিকে, হার্দিক-সহ সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহর মতো সিনিয়রদের পারফরম্যান্স ভাবনা বাড়াচ্ছে মুম্বইয়ের। সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম একাদশে ঢুকতে পারেন উইল জ্যাকস।
সানরাইজার্স শিবির আবার বেশ ফুরফুরে। শেষ ম্যাচে সওয়া দু'শোর বেশি রান তাড়া করে তারা জিতেছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটা ভালো অবস্থানে রয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে যতই মেঘাচ্ছন্ন থাকুক না কেন, আইপিএলে অভিষেক শর্মার ব্যাটিং রোদ ঝলমলে। সঙ্গে ঈশান কিষান এবং হেনরিখ ক্লাসেনও ধারাবাহিকভাবে রান করছেন। বোলিংয়ে ঈশান মালিঙ্গা, প্রফুল্ল হিঞ্জে, সাকিব হুসেনরা ভালো ফর্মে রয়েছেন। শক্তি বেড়েছে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে। ফিটনেস সমস্যা মিটিয়ে শেষ ম্যাচে মাঠে নেমে ভালোই বোলিং করেছেন অস্ট্রেলীয় পেসার। সবমিলিয়ে মুম্বইয়ের ঘরের মাঠে এগিয়ে থেকেই নামছে সানরাইজার্স।
আজ আইপিএলে
মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ
সন্ধে ৭.৩০, ওয়াংখেড়ে স্টার স্পোর্টস
