বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) আর রেকর্ড, এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ১৫ বছরের বিস্ময় প্রতিভা মাঠে নামলেই কোনও না কোনও নজির ভাঙে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও তাণ্ডব বজায় ছিল রাজস্থান রয়্যালসের তারকার। ১৬ বলে তার ব্যাট থেকে এল ৪৩ রান। আর তাতেই ভেঙে গেল আন্দ্রে রাসেলের রেকর্ড।
রীতিমতো ঝড় দিয়ে শুরু করে ‘জয়-সূর্য’ জুটি। যশস্বী জয়সওয়াল ২৭ বলে ৫১ রান করেন। অন্যদিকে বৈভবের ব্যাট থেকে আসে ৩টি চার ও ৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৬৮.৮৫। এবারের আইপিএলে ৪০০ রান করে ফেলল। তাও মাত্র ১৬৭ বল খেলে। যা আইপিএলের ইতিহাসে এক মরশুমে দ্রুততম ৪০০ রান। এর আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি আন্দ্রে রাসেলের দখলে। তিনি ২০১৯ সালে ১৮৮ বলে ৪০০ রানে পৌঁছেছিলেন।
বৈভব এখনও পর্যন্ত ৩৪টি চার ও ৩৭টি ছক্কা মেরেছে। অরেঞ্জ ক্যাপও তার মাথায়। সব মিলিয়ে আইপিএল কেরিয়ারে ২৯০ বলে খেলে ছক্কা হাঁকিয়েছে ৬১টি। অর্থাৎ প্রতি ৪.৭৫ বলে একটি করে ছয়। আন্তর্জাতিক ক্রিকেট-সহ টি-টোয়েন্টিতে বৈভবের মোট ছক্কা ৯৯টি। তার জন্য লেগেছে ৫১১ বল। দ্রুততম ১০০ ছক্কা মারার বিশ্ব রেকর্ড ভাঙা থেকে মাত্র এক ধাপ দূরে আছে। যে রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটার কায়রন পোলার্ডের দখলে। পোলার্ড এই কীর্তিটি অর্জন করেছিলেন ৮৪৩ বলে। বৈভব যে এই রেকর্ডটি ভাঙবে, তা এখনই বলে দেওয়া যায়। কিন্তু প্রশ্ন হল কবে?
এক আইপিএল মরশুমে দ্রুততম ৪০০ রান করা খেলোয়াড়
১৬৭ বল- বৈভব সূর্যবংশী (২০২৬)
১৮৮ বল - আন্দ্রে রাসেল (২০১৯)
১৯৫ বল - অভিষেক শর্মা (২০২৪)
১৯৭ বল - নিকোলাস পুরান (২০১৫)
২০০ বল - গ্লেন ম্যাক্সওয়েল (২০১৪)
