শুরু হল আইপিএল-পক্ষ। উদ্বোধনী ম্যাচেই বিরাট-অবতরণ যেন নাট্যমঞ্চের পর্দা ওঠার দৃশ্য! চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিকে যখন প্রথম দেখা গেল, গ্যালারি তখন উন্মত্ত। হাজারো কণ্ঠে ধ্বনিত তাঁর নাম। স্রেফ মাঠে নামা নয়, বরং এক কিংবদন্তির আবির্ভাব। যা মুহূর্তেই রূপ নেয় উৎসবে। কম ঝড়-ঝাপটা যায়নি চিন্নাস্বামীর উপর। অনেক কাঠখড় পুড়িয়ে এই মাঠেই আইপিএল ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছে আরসিবি। এমন একটা ম্যাচে টস জিতল বিরাটের দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন।
দেখতে গেলে, শক্তি বিচারে দু’টো টিমের ব্যাটিং প্রায় সমানে-সমানে। আরসিবিতে ফিল সল্ট, রজত পাতিদার, ভেঙ্কটেশ আইয়ার, উইল জ্যাকস, বিরাট কোহলিরা রয়েছে। হায়দরাবাদে আবার রয়েছেন অভিষেক শর্মা, ঈশান কিষান, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেনরা। ধরেই রাখা হচ্ছে, শনিবাসরীয় চিন্নাস্বামীতে রানের আতশবাজি দেখা যাবে।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তের কথা জানিয়ে আরসিবি অধিনায়ক বলেন, "নতুন মরশুমে রক্ষণাত্মক মানসিকতায় খেলতে নামছে না দল। এবারেও চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য থাকবে। দলে একাধিক দক্ষ ক্রিকেটার রয়েছেন। সমস্ত পজিশনের জন্যই বিকল্প তৈরি। সকলেই ফিট রয়েছেন।" সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে পাতিদার বলেন, "আমাদের জার্সিতে দ্বিতীয় তারা যোগ করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করবে।" আরসিবি দলে দুই নতুন মুখ। জ্যাকব ডাফি ও অভিনন্দন সিং। দু'জনেই প্রথম ম্যাচ খেলতে নামছেন।
আরসিবি অধিনায়ক বলেন, "নতুন মরশুমে রক্ষণাত্মক মানসিকতায় খেলতে নামছে না দল। এবারেও চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য থাকবে। দলে একাধিক দক্ষ ক্রিকেটার রয়েছেন। সমস্ত পজিশনের জন্যই বিকল্প তৈরি। সকলেই ফিট রয়েছেন।"
অন্যদিকে, আশাবাদী শোনাল ঈশান কিষানের গলাও। জানান, টসে জিতলে তাঁরাও প্রথমে বোলিং করার দিকেই ঝুঁকতেন। তাঁর কথায়, "ভালো লাগছে! এটা আমাদের প্রথম ম্যাচ। টসে জিতলে আমরাও আগে বোলিং করতাম। উইকেটটা একেবারে ফ্রেশ দেখাচ্ছে। দিনের শেষে আপনি আগে ব্যাটিং করছেন না বোলিং করছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। নিজের ইনস্টিংক্টে ভরসা রাখাটাই আসল।" নিজেদের পরিকল্পনা প্রসঙ্গে তাঁর সংযোজন, "আমরা বিষয়গুলো সহজ রাখার চেষ্টা করছি। আইপিএল বলে নতুন কিছু করার দরকার নেই। প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে পরিকল্পনা স্পষ্ট। এখন সেগুলো ঠিকভাবে বাস্তবায়ন করাই লক্ষ্য।"
হায়দরাবাদ অধিনায়ক বলেন, "দিনের শেষে আপনি আগে ব্যাটিং করছেন না বোলিং করছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। নিজের ইনস্টিংক্টে ভরসা রাখাটাই আসল।"
অজি পেসার প্যাট কামিন্সের না থাকাটা যে বড় ধাক্কা, সে কথা স্বীকার করে নিয়েছেন ঈশান। তাঁর কথায়, "প্যাট দলের অন্যতম সেরা বোলার। আইপিএলেও ও সেটা প্রমাণ করেছে। ওকে না পাওয়াটা বড় পার্থক্য গড়ে দেয়। তবে আমাদের বাকিরাও ভালো ছন্দে রয়েছে।" এছাড়াও তরুণ ক্রিকেটার সলিল অরোরার প্রশংসা করে ঈশান বলেন, "সলিলের দিকে নজর রাখতেই পারেন। ও খুব ভালো ছন্দে রয়েছে। আমি শুধু চাই ও যেন স্বাভাবিক খেলাটা খেলে।"
উল্লেখ্য, গত বছর দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে আহতের সংখ্যা ৪৭। ওই ঘটনার দায় কার? তা নিয়ে দীর্ঘদিন দড়ি টানাটানি চলেছে। অবশেষে কর্নাটক ক্রিকেট সংস্থা সরকারের কাছে চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি পেয়েছে আরসিবি। প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদের সভাপতিত্বে কর্নাটক ক্রিকেট সংস্থা সিদ্ধান্ত তরফে এদিন স্টেডিয়ামের ভিতরে স্মৃতিফলক বসানো হয়। এর মাধ্যমে প্রয়াত ভক্তদের শ্রদ্ধা জানানো হল। পাশাপাশি তাঁদের স্মৃতিতে স্টেডিয়ামের ভিতর ১১টি আসন ফাঁকা রাখা হল। আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, কোনও ম্যাচেই ওই আসনগুলোর টিকিট বিক্রি করা হবে না।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (প্রথম একাদশ)
বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং, জ্যাকব ডাফি, সুয়শ শর্মা।
সানরাইজার্স হায়দরাবাদ (প্রথম একাদশ)
অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ইশান কিষান (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, অনিকেত বর্মা, নীতীশ কুমার রেড্ডি, সলিল অরোরা, হর্ষ দুবে, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, ঈশান মালিঙ্গা।
