খেলার মাঠে তাঁর ফর্ম যেমনই থাক না কেন, মহিলা ভক্ত কুলে তিনি সবসময় পছন্দের। শুভমান গিলের নাম শুনেই মহিলা ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ হয়ে যান। সুদর্শন ব্যাটারের লাজুক হাসিতে মন হারান অনেকেই। কিন্তু সেই শুভমান গিল কি এবার নিজের পছন্দের মানুষটিকে পেয়ে গিয়েছেন? সাতপাকে বাঁধা পড়ছেন? আইপিএল চলাকালীন রবিবার আচমকাই এমন জল্পনা ছড়িয়ে পড়ল ক্রিকেটমহলে।
রবিবার ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল শুভমানের দল গুজরাট টাইটান্স। দিনের শেষে দুরন্ত ফর্মে থাকা পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে গুজরাট। কিন্তু দলের জয়ের পাশাপাশি গুজরাটভক্তদের মনে ঘোরাফেরা করছে তাঁদের দলের অধিনায়কের প্রেমকাহিনি। অতীতে শচীন তেণ্ডুলকরের কন্যা সারার সঙ্গে শুভমানের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বহুবার। কখনও স্টেডিয়ামে উপস্থিত হন সারা। সেটা যে শুধুমাত্র শুভমানের টানেই, সেরকম কানাঘুষোও চলে। গতবছর এক অনুষ্ঠানে দু'জন দুজনকে দেখে মিষ্টি হাসিও উপহার দিয়েছিলেন।
সারা তেণ্ডুলকরের পাশাপাশি শুভমানের সঙ্গে জুড়ে যায় আরেক সারার নাম। তিনি সারা আলি খান। অভিনেত্রী সোনম বাজওয়ার সঙ্গেও শুভমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও নিজের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি শুভমান। বরং জানিয়েছিলেন, তিনবছরেরও বেশি সময় ধরে তিনি সিঙ্গেল। সেই শুভমানের বিয়ের কথা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য বইকি। আসলে চলতি আইপিএলে দাড়ি রাখতে দেখা যাচ্ছে গিলকে। সম্ভবত সেই দেখেই টসের সময়ে সঞ্চালক ড্যানি মরিসন প্রশ্ন করে বসেন, "বিয়ে করছ নাকি?"
প্রশ্ন শুনে খানিক থতমত খেয়ে যান শুভমান। পরে সামলে নিয়ে জানান, "এখনই সেরকম কিছু নেই"। এই কথোপকথনের পর থেকেই সোশাল মিডিয়ায় শুভমানের বিয়ে নিয়ে চর্চা শুরু হয়। তবে এদিনের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন গিল। ৪ বলে মাত্র ৫ রান করে আউট হয়ে যান অর্শদীপ সিংয়ের বলে। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি ম্যাচে অবশ্য জিতে যায় শুভমানের গুজরাট।
