shono
Advertisement

Breaking News

Vaibhav Sooryavanshi

ইডেনে কেকেআর মোকাবিলায় ‘রহস্য স্পিনার’ খুঁজছে রাজস্থান, নেটে ধুন্ধুমার বৈভবও

রাজস্থান রয়্যালসের জার্সিতে এই মরশুমে ইতিমধ্যেই ২০০ রান করে ফেলেছে সে, তাও আবার অবিশ্বাস্য স্ট্রাইক রেটে। সিনিয়রদের ছাপিয়ে যাওয়ার সেই গল্প এখন ড্রেসিংরুম থেকে গ্যালারি - সর্বত্র ছড়িয়ে পড়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 10:18 PM Apr 17, 2026Updated: 06:38 AM Apr 18, 2026

ইডেন গার্ডেন্সে শুক্রবারের বিকেলটা একটু আলাদাই ছিল। আলো-ছায়ার খেলায় ভেসে থাকা সেই ঐতিহাসিক মাঠে নেট প্র্যাকটিস চলছিল ঠিকই, কিন্তু সব চোখ ছিল এক কিশোরের দিকে। বৈভব সূর্যবংশী। অনুশীলনে ব্যাটে শান দিচ্ছিল সে। লক্ষ্য একটাই, কোণঠাসা হয়ে যাওয়া কেকেআরকে আরও কোণঠাসা করে দেওয়া। আর যার জন্য আদাজল খেয়ে নেমে পড়েছে রাজস্থান রয়্যালস। জানা গেল, কলকাতাকে হারাতে 'রহস্য স্পিনারে'র 'তালাশ' করছে গোলাপি বাহিনী।

Advertisement

কিন্তু হঠাৎ কেন এমন স্পিনারের খোঁজ পড়ল? উত্তর খোঁজার আগে একটু বৈভবকে ঝালিয়ে নেওয়া যাক। দেখে নেওয়া যাক, ক্রিকেটের নন্দনকাননে কী কী 'কেরামতি' দেখাল বিধ্বংসী ওপেনার। বয়স মাত্র ১৫ হলেও ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ত্রাস। রাজস্থান রয়্যালসের জার্সিতে এই মরশুমে ইতিমধ্যেই ২০০ রান করে ফেলেছে সে, তাও আবার অবিশ্বাস্য স্ট্রাইক রেটে। সিনিয়রদের ছাপিয়ে যাওয়ার সেই গল্প এখন ড্রেসিংরুম থেকে গ্যালারি - সর্বত্র ছড়িয়ে পড়েছে।

কিন্তু ক্রিকেট তো শুধু রূপকথা নয়, এখানে ধাক্কাও আছে। ঠিক আগের ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম বলেই ফিরে যেতে হয়েছিল তাকে। প্রফুল হিঙ্গের একটা শর্ট বল, আর মুহূর্তেই নিস্তব্ধতা। সেই ম্যাচে হারের মুখ দেখে বৈভবের দল। হয়তো সেই আঘাতটাই আরও জেদি করে তুলেছে 'ছোট্ট' বৈভবকে।

নেটে নামার পর সেটা বোঝা গেল স্পষ্ট। একটার পর একটা বল, একটার পর একটা শট। কখনও ড্রাইভ, কখনও পুল, কখনও নিখুঁত টাইমিং। একেবারে ধুন্ধুমার শো। পাশে দাঁড়িয়ে কোচ বিক্রম রাঠোর কিছু বলছেন। আর বৈভব সেটা মন দিয়ে শুনছে। আবার চেষ্টা করছে। যেন প্রতিটা বলের মধ্যেই লুকিয়ে নিজের ভুল শোধরানোর সুযোগ।

এই ইডেনই আবার তার জন্য স্মৃতির মিশেল। গত বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এখানেই ঝড় তুলে করেছিল অপরাজিত ১০১। আবার গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একই মাঠে থেমে গিয়েছিল মাত্র ৪ রানে। নেটের অন্য প্রান্তে তখন ব্যস্ত রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার। পরে যোগ দিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু বৈভব যেন নিজের লড়াইটাই লড়ছে নিজের সঙ্গেই।

পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের সামনে রবিবার বড় চ্যালেঞ্জ। তাদের উপরে রয়েছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে শীর্ষে ওঠার পথ মোটেও সহজ নয়। সেই কারণেই কেকেআরের 'রহস্য স্পিন' জুটি বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে সামলাতে বিশেষ প্রস্তুতি নিতে চাইছে রাজস্থান শিবির। এই লক্ষ্যেই রাজস্থান ম্যানেজমেন্ট নেট বোলার হিসাবে এক ‘রহস্য স্পিনার’-এর খোঁজে কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিল। তবে এখনও পর্যন্ত তেমন কাউকে পাওয়া যায়নি। তা সত্ত্বেও প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি দল। নেট বোলার হিসাবে যোগ দেওয়া ডানহাতি-বাঁহাতি পেসার থেকে শুরু করে স্পিনার, সবাইকে নিয়েই নেটে জোরকদমে অনুশীলন চলছে। এই অনুশীলনের মধ্যেই নজর কেড়েছেন ভবানীপুরের বাঁহাতি স্পিনার বিনয় চৌধুরী। তাঁর বোলিং রাজস্থান শিবিরের দৃষ্টি আকর্ষণ করেছে। রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের তিন দিন আগেই শহরে পৌঁছেছে রাজস্থান দল। বৃহস্পতিবার দুপুরে প্রায় তিন ঘণ্টা ধরে ইডেনে অনুশীলন চলে। শুক্রবারও সমান তালে প্রস্তুতি চালিয়ে গিয়েছেন ক্রিকেটাররা। কেকেআরকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে কোনও রকম কসরতই বাদ দিচ্ছে না রাজস্থান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement