shono
Advertisement
Virat Kohli

এ আমার গুরুদক্ষিণা... নজির গড়ার পরদিনই ছোটবেলার কোচের ডাকে সাড়া, স্কুলে পৌঁছলেন কোহলি

সাফল্যের শৃঙ্গে পৌঁছে গেলেও বিরাট কোহলি ছোটবেলার গুরুকে আজও সম্মান করেন। অতীতে একাধিকবার 'গুরুদক্ষিণা' দিতে দেখা গিয়েছে কিং কোহলিকে।
Published By: Anwesha AdhikaryPosted: 03:07 PM Apr 28, 2026Updated: 03:07 PM Apr 28, 2026

ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে উচ্চারিত হয় তাঁর নাম। কিন্তু সাফল্যের শৃঙ্গে পৌঁছে গেলেও বিরাট কোহলি ছোটবেলার গুরুকে আজও সম্মান করেন। অতীতে একাধিকবার 'গুরুদক্ষিণা' দিতে দেখা গিয়েছে কিং কোহলিকে। সোমবার আইপিএলে নতুন নজির গড়ার পরই দেখা গেল, ছোটবেলার কোচ রাজকুমার শর্মার কাছে ছুটে গিয়েছেন বিরাট। 'গুরু'র নতুন উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন।

Advertisement

সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আরসিবির জার্সিতে খেলতে নেমেছিলেন বিরাট। জোড়া ছক্কা মেরে ম্যাচ জেতান। তবে তারও আগে প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসাবে আইপিএলে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। নজির গড়ার পরদিনই দেখা গেল, গুরু রাজকুমার শর্মার ডাকে সাড়া দিয়ে কোহলি পৌঁছে গিয়েছেন দিল্লির ডিপিএস আরকে পুরম স্কুলে। হাসিমুখে খুদে পড়ুয়াদের হাতে তুলে দেন পুরস্কার। স্কুলে ভাষণও দিতে দেখা যায় তাঁকে।

কেন হঠাৎ এই স্কুলে পা রাখলেন কোহলি? আসলে রাজকুমারের প্রতিষ্ঠিত ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমির একটি শাখা খোলা হয়েছে এই স্কুলে। রাজকুমারের অ্যাকাডেমি থেকেই বিরাটের উত্থান। সেই অ্যাকাডেমির নতুন শাখা উদ্বোধনের জন্য আমন্ত্রিত ছিলেন বিরাট। আইপিএলের ব্যস্ততার মাঝেও পড়ুয়াদের সঙ্গে সময় কাটান। বক্তৃতা দিতে গিয়ে বলেন, "স্কুলে সাধারণত আমি কিছু বলতে গেলে বেশ সমস্যা হয়। আসলে আমার স্কুলজীবনের পাট বহু আগে চুকে গিয়েছে। তবে এটুকু বলতে পারি, তোমরা এখন যেভাবে রয়েছ, আমিও সেই পরিস্থিতিতে ছিলাম।"

উল্লেখ্য, গতবছরও আইপিএল চলাকালীন কোচের আশীর্বাদ নিতে দেখা যায় বিরাটকে। দিল্লিতে খেলতে গিয়েছিলেন বিরাট। ম্যাচের পরে মাঠে নেমে এসেছিলেন রাজকুমার। তাঁকে দেখতে পেয়ে মাঠের মধ্যেই পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিরাট। শিষ্যকে আশীর্বাদও করেন তিনি। কেরিয়ারে যতই সাফল্য আসুক না কেন, ছোটবেলার গুরুকে যে বিরাট ভুলে যাননি, প্রতি পদে সেটা প্রমাণ করেন কিং কোহলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement