shono
Advertisement
Vaibhav Sooryavanshi

শচীনের প্রশংসা শুনে ঘোরই কাটছে না! থিতু হয়ে 'ক্রিকেটের ঈশ্বর'কে কী বার্তা বৈভবের?

বয়স মাত্র ১৫। যে বয়সে অধিকাংশ কিশোর অভিভাবকের স্নেহ-ছায়ায় বড় হয়ে ওঠে, ঠিক সেই বয়সেই নিজের প্রতিভা ও আত্মবিশ্বাসে গোটা বিশ্বকে চমকে দিচ্ছে বৈভব সূর্যবংশী।
Published By: Prasenjit DuttaPosted: 04:16 PM May 28, 2026Updated: 04:32 PM May 28, 2026

বয়স মাত্র ১৫। যে বয়সে অধিকাংশ কিশোর অভিভাবকের স্নেহ-ছায়ায় বড় হয়ে ওঠে, ঠিক সেই বয়সেই নিজের প্রতিভা ও আত্মবিশ্বাসে গোটা বিশ্বকে চমকে দিচ্ছে বৈভব সূর্যবংশী। ‘বস বেবি’র বিধ্বংসী ব্যাটিং মুগ্ধ করেছে খোদ শচীন তেণ্ডুলকরকেও। এক্স হ্যান্ডেলে তাকে নিয়ে পোস্ট করেছেন ‘মাস্টার ব্লাস্টার’। সেই স্বীকৃতি পেয়ে এখনও যেন বিস্ময়ের ঘোর কাটছে না বৈভবের। 

Advertisement

১৫ বছরের এক কিশোর ব্যাটার বিস্ফোরক ব্যাটিংয়ে তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেটবিশ্বকে। এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংসের কথা এখন মুখে মুখে ফিরছে। ১২ ছক্কা আর ৫ বাউন্ডারিতে সাজানো ইনিংস দেখে শচীন লেখেন, ‘বৈভবের ব্যাট সুইং অসাধারণ। ওর পা লক্ষ্য করে বল করলেও যেভাবে ফ্রন্টফুট থেকে জায়গা তৈরি করে শট মারে, এককথায় অনবদ্য। সেই স্বাধীনতাটাই ওকে নিজের মতো করে খেলার সুযোগ করে দেয়। এই ইনিংস থেকে কিছুতেই চোখ সরানো যায় না।’

বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিও সাক্ষাৎকারে ধ্রুব জুরেলের কাছ থেকে শচীনের সেই বার্তার কথা প্রথম জানতে পারে বৈভব। এরপর আবেগাপ্লুত হয়ে বিস্ময় প্রতিভা বলে, “খুব ভালো লাগছে স্যর। এটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করছে। আপনিই তো এখন বললেন, আমি আগে জানতামই না।” তার সংযোজন, “সবাই জানে শচীন তেণ্ডুলকর ক্রিকেটের ভগবান। উনি যদি আমাদের নিয়ে টুইট করেন, সেটা সত্যিই বড় ব্যাপার। এটা নিঃসন্দেহে আমার কাছে গর্বের মুহূর্ত।”

ছোট প্যাকেট বড় ধামাকা। বৈভব সূর্যবংশীকে এক কথায় এভাবেই ব্যাখ্যা করা যায়। আইপিএলের মঞ্চে যেন নতুন এক ‘সিক্স মেশিন’ আর্বিভূত হয়েছে তার হাত ধরে। তার ব্যাটিংয়ে মুগ্ধ ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল ইনস্টাগ্রামে লেখেন, ‘অসাধারণ, বৈভব সূর্যবংশী! আইপিএল পেয়ে গেল নতুন এক সিক্স মেশিন!’ পাশাপাশি দ্রুততম আইপিএল শতরানের রেকর্ড থেকে অল্পের জন্য বঞ্চিত হওয়ায় কিশোর ব্যাটারকে সমবেদনা জানিয়ে গেইল লেখেন, ‘দুর্ভাগ্যজনক! তবে তুমি খুব শীঘ্রই সেই মাইলফলকে পৌঁছে যাবে।’ উল্লেখ্য, চলতি আইপিএলে ১৫ ইনিংসে ৬৮০ রান করেছে বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার। এই মুহূর্তে কমলা টুপি তারই দখলে। গড় ৪৫.৩৩। স্ট্রাইক রেট ২৪২.৮৫। একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরির পাশাপাশি বৈভব তার মোট রানের ৮৮.৯ শতাংশ চার-ছক্কায়। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement