ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নাইটদের লাভের লাভ বলতে একটাই। 'মহার্ঘ' ১ পয়েন্ট এসেছে ঘরে। খেলা শুরুর ৩.৪ ওভার পর সেই যে বৃষ্টি এল, তা আর থামল না। সংক্ষিপ্ত পরিসরে ম্যাচ গড়ালেও চূড়ান্ত সমালোচিত হলেন কেকেআর অধিনায়ক। কিন্তু কী এমন 'দোষ' করলেন তিনি?
সোমবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল খেলা চলাকালীন বৃষ্টি হতে পারে। তাছাড়াও গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতায়। সেই কারণেই অনেকেই আশা করেছিলেন, অধিনায়ক রাহানে টসে জিতে বোলিং করবেন। কিন্তু উলটো পথে হেঁটে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ম্যাচ শুরু হতেই সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে অশ্বিন লেখেন, 'যখন জানো ম্যাচ বৃষ্টির কারণে প্রভাবিত হতে পারে এবং বোলিং আক্রমণও অনভিজ্ঞ, তখন আগে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত! সত্যিই অবাক করে দেওয়ার মতো বিষয়।'
কেকেআরের প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামীও এমন সিদ্ধান্তে বিস্ময় লুকোতে পারেননি। তিনি বলেন, 'ওভারকাস্ট কন্ডিশনে টস জিতে ব্যাট নেওয়া দেখে সত্যিই অবাক হয়েছি। শুরুতেই সুইং দেখা গেল, দু'টো ক্যাচ আউট। একেবারে হতচকিত করে দেওয়ার মতো সিদ্ধান্ত!' যদিও নিজের সিদ্ধান্তে অনড় রাহানে টসের সময় বলেন, “পিচ শুকনো। তাই প্রথমে ব্যাট করে রান চাপিয়ে দিতে চাই। বড় ম্যাচে জিতলে দল ছন্দে আসবে।”
তবে বাস্তবে সেই পরিকল্পনা সফল হয়নি। মাত্র ৩.৪ ওভারে ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। এরপর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেলে রাহানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়ে ওঠে। সোশাল মিডিয়াতেও এই সিদ্ধান্ত ঘিরে তুমুল প্রতিক্রিয়া দেখা যায়। এক নেটিজেন কেকেআরের কৌশল নিয়ে প্রশ্ন তুলে লেখেন, 'এমন আবহাওয়ায় আগে ব্যাট? এটা তো আত্মঘাতী সিদ্ধান্ত!' আবার কেউ ব্যঙ্গ করে মন্তব্য করেন, 'মনে হচ্ছে কেকেআর আবহাওয়ার পূর্বাভাস দেখেনি!'
