shono
Advertisement

নিলামে দল পাওয়া নিয়ে সংশয় যুবরাজের, আকর্ষণের কেন্দ্রে শামি-হেটমেয়ার

ভাল পেসারের খোঁজে কেকেআর। The post নিলামে দল পাওয়া নিয়ে সংশয় যুবরাজের, আকর্ষণের কেন্দ্রে শামি-হেটমেয়ার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:50 AM Dec 18, 2018Updated: 11:50 AM Dec 18, 2018

স্টাফ রিপোর্টার: তিনবছর আগে হলেও হয়তো এরকম হত না। বরং নিলামে তাঁর দাম কত উঠবে, সেটা নিয়েই আলোচনা হত। এবারও আইপিএল নিলামের আগে তাঁকে নিয়ে চর্চা চলছে। তফাতের মধ্যে হল তিনি আইপিএলে কোনও টিম পান কি না, চর্চা সেটা নিয়েই। গতবছর কিংস ইলেভেন পাঞ্জাব দু’কোটি দিয়ে যুবরাজকে নিয়েছিল। কিন্তু তিনি চূড়ান্ত ব্যর্থ হন। সব ম্যাচে তাঁকে খেলানোও সম্ভব হয়নি। ৮ ম্যাচে মাত্র ৬৫ রান করেছিলেন। পাঞ্জাব যে এবার আর তাঁকে টিমে রাখবে না, সেটা পরিষ্কার ছিল। যা খবর, যুবিকে নেওয়ার ব্যাপারে কোনও ফ্র্যাঞ্চাইজি খুব একটা আগ্রহী নয়।
জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন প্রায় দেড় বছর আগে। ঘরোয়া ক্রিকেটেও খুব একটা খেলছেন না। শেষ দুটো রনজি ম্যাচ খেললেও আহমরি কিছু করতে পারেননি। তামিলনাড়ুর বিরুদ্ধে যতই ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলুন না কেন, সেটা আইপিএল নিলামে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যুবরাজ ছাড়া যে সব ভারতীয় ক্রিকেটারদের দিকে নজর থাকবে, তাঁরা হলেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।

Advertisement

[পারথ টেস্টে বড় হার ভারতের, সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া]

ঋদ্ধি গত আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে খুব একটা খারাপ পারফর্ম করেননি। হায়দরাবাদ এবার ছেড়ে দিয়েছে ভারতীয় উইকেটকিপারকে। চোটের জন্য শেষ কয়েক মাস ক্রিকেটের বাইরে। এটাও শোনা যাচ্ছে, ঋদ্ধিকে রিটেন করতে গেলে গতবছরের টাকায় রাখতে হত। হায়দরাবাদ সেটা না করে, এবার নিলামেই কিছুটা কম অর্থে ঋদ্ধিকে কিনে নিতে পারে। এই মুহূর্তে ঋদ্ধি বেঙ্গালুরুতে। এনএসি-তে ট্রেনিং চলছে। সোমবার সন্ধ্যায় তাঁকে ফোনে ধরা হলে জিজ্ঞাসা করলেন, “মঙ্গলবার কখন থেকে অকশন?” একটা জিনিস পরিষ্কার, তিনি বেশি কিছু ভাবতে চাইছেন না। বললেন, “নিলামে কী হবে, সেটা ভেবে কী করব? আমি কখনই এসব কিছু বেশি ভাবিনা। একটা কথা বলব, যেখানেই খেলি, সেরাটা দেব।”

ঋদ্ধির মতো বাংলার আর এক তারকা পেসার, মহম্মদ শামিকেও দিল্লি ডেয়ারডেভিলস ছেড়ে দিয়েছে। তবে অস্ট্রেলিয়ায় যেরকম পারফর্ম করছেন, তাতে মনে হয় না নিলামে টিম পেতে কোনও সমস্যা হবে। জয়দেব উনাদকাটকে গতবার সাড়ে এগারো কোটি দিয়ে কিনেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু সৌরাষ্ট্রের বাঁ-হাতি পেসার ১৫ ম্যাচে মাত্র ১১ উইকেট পেয়েছিলেন। ইকোনমি রেটও বেশ খারাপ ছিল ৯.৬৫। রাজস্থান আর তাঁকে রিটেন করেনি। শেষমেশ কোনও ফ্র্যাঞ্চাইজি উনাদকাটকে নিয়ে আগ্রহ দেখায় কি না, সেটাই দেখার।

[‘বিরাট অভদ্র ক্রিকেটার’, বিতর্কিত মন্তব্য অভিনেতার]

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি চর্চা ওয়েস্ট ইন্ডিজের সিমরন হেটমেয়ারকে নিয়ে। ভারত সফরে এসে বেশ ভাল পারফর্ম করেছিলেন একুশ বছরের এই বাঁ-হাতি ব্যাটসম্যান। বলাবলি চলছে, টি-২০ তে যে কোনও টিমের বড় সম্পদ হতে পারেন তিনি। যা খবর, তাতে নিলাম টেবিলে তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে প্রবল লড়াই হতে পারে। যার মধ্যে কেকেআরও রয়েছে। কলকাতা নাইট রাইডার্স টিমের বেশির ভাগ ক্রিকেটারদেরই ধরে রাখার পাশাপাশি দু’তিনজন ক্রিকেটার টিমে নিতে পারে। ইতিমধ্যেই তারা মিচেল স্টার্কের বদলে খুঁজতে শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে তাঁরা যদি মহম্মদ শামির জন্য ঝাঁপায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এক ভারতীয় পেসার ইশান্ত শর্মাও নিলামে উঠবেন। ব্রেন্ডন ম্যাকুলামকে ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিভিন্ন দেশের টি-২০ লিগ নিয়মিত খেলছেন। তবে সমস্যা হয়ে দাঁড়াতে পারে তাঁর বেস প্রাইজ। দু’কোটি টাকা দিয়ে আদৌ কোনও ফ্র্যাঞ্চাইজি তকে নিতে চায় কি না, সেটাও দেখার। দু’কোটির তালিকায় রয়েছেন লাসিথ মালিঙ্গা, ক্রিস ওকস, কোরি অ্যান্ডারসনরাও। তবে তাঁদের অবিক্রিত থেকে যাওয়ার সম্ভাবনাই প্রবল।

The post নিলামে দল পাওয়া নিয়ে সংশয় যুবরাজের, আকর্ষণের কেন্দ্রে শামি-হেটমেয়ার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement