আইপিএলের মাঝেই ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া। খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এসএল অক্ষয়। কেএল রাহুলের প্রাক্তন এই সতীর্থ কর্নাটকের রনজি জয়ী দলের সদস্য ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর।
রবিবার কর্নাটকের একটি ডিভিশন লিগ ম্যাচে অংশ নিয়েছিলেন অক্ষয়। ম্যাচ চলাকালীন তিনি চার ওভার বল করেন। পরে স্লিপে ফিল্ডিং করছিলেন। সেই সময় আচমকাই মাথা ঘোরার সমস্যা শুরু হয়। দ্রুত তিনি মাঠ ছেড়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপরেই অসুস্থ হয়ে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও, পথেই তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক খবরটি প্রথম জানান প্রাক্তন ক্রিকেটার ডোড্ডা গণেশ।
তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ক্রিকেট মহলের জন্য ভীষণই দুঃখজনক খবর। ৩৯ বছর বয়সি পেস বোলার এসএল অক্ষয়, যাঁকে আমি অনূর্ধ্ব-১৯ স্তর থেকেই খুব কাছ থেকে দেখেছি, আজ একটি ডিভিশন ম্যাচ খেলতে গিয়ে প্রয়াত হলেন। শোক প্রকাশ করার মতো ভাষা নেই। শান্ত স্বভাবের এই ক্রিকেটার ২০১১-১২ মরশুমে কর্নাটকের হয়ে যথেষ্ট সাফল্য পেয়েছিলেন। তিনি আর আমাদের মধ্যে নেই। অক্ষয়ের আত্মার শান্তি কামনা করি। ঈশ্বরের কাছে প্রার্থনা, এই কঠিন সময়ে তাঁর পরিবার যেন এই শোক সহ্য করার শক্তি পায়।’
২০১৪-১৫ মরশুমে রনজি ট্রফি জয়ী কর্নাটক দলের সদস্য ছিলেন অক্ষয়। প্রথম একাদশে খেলার সুযোগ পাননি। তবে স্কোয়াডে ছিলেন। দলে ছিলেন রবিন উত্থাপ্পা এবং ময়ঙ্ক আগরওয়ালের মতো তারকারা। উল্লেখ্য, প্রথম শ্রেণির ম্যাচ তিনি ৬ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন। গড় ২৮.১১। এছাড়া ৩টি লিস্ট ‘এ’ ম্যাচে ৬টি উইকেট এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৮টি উইকেট তাঁর ঝুলিতে রয়েছে। ২০১৩ সালের পর কর্নাটক দলে নিয়মিত সুযোগ না পেলেও, স্থানীয় ক্রিকেটে সক্রিয় ছিলেন।
খেলোয়াড়ি জীবনের পর কোচ হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলেন অক্ষয়। সম্প্রতি কর্নাটক অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসাবে কাজ করছিলেন। অল্প সময়ের মধ্যেই তরুণ ক্রিকেটারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। অক্ষয়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ কর্নাটক তথা ভারতীয় ক্রিকেট মহল।
