shono
Advertisement
Pakistan cricketer

ট্রাফিক আইন লঙ্ঘন পাক ক্রিকেটারের, 'ছক্কা মেরে কত টাকা পান?' খোঁচা পুলিশকর্মী‌র

ট্রাফিক আইন লঙ্ঘন করে মহাবিপাকে পড়লেন পাকিস্তানের এক তরুণ ক্রিকেটার। মাঝরাস্তায় তাঁর গাড়ি থামায় ট্রাফিক পুলিশ। তারপর?
Published By: Prasenjit DuttaPosted: 03:34 PM May 10, 2026Updated: 03:35 PM May 10, 2026

গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন পাক ক্রিকেটার। কিন্তু সিটবেল্টটি পরতে বেমালুম ভুলে গিয়েছিলেন। এরপর যা হওয়ার তাই হল। ট্রাফিক আইন লঙ্ঘন করে মহাবিপাকে পড়লেন পাকিস্তানের এক তরুণ ক্রিকেটার। সিটবেল্ট না পরার কারণেই মাঝরাস্তায় তাঁর গাড়ি থামায় ট্রাফিক পুলিশ। তারপর?

Advertisement

ঘটনাটি ঘটে পাকিস্তানের এক ব্যস্ত রাস্তায়। তরুণ ক্রিকেটার ইরফান খান নিয়াজি নিজে গাড়ি চালাচ্ছিলেন না। তিনি বসেছিলেন চালকের পাশের আসনে। কিন্তু সমস্যা হল, গাড়িতে থাকা দু'জনের কেউই সিটবেল্ট পরেননি। বিষয়টি নজরে আসতেই ট্রাফিক পুলিশ গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করেন, "আপনারা সিটবেল্ট পরেননি কেন?"

ইরফান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লে পুলিশকর্মী জানান, নিয়ম ভাঙার জন্য জরিমানাও হতে পারে। এরপরই তিনি ইরফানের পরিচয় জানতে চান। নিজের পরিচয় দেওয়ার পর পরিস্থিতি অনেকটাই বদলে যায়। পুলিশকর্মী জানতে পারেন, ইরফান পাকিস্তান সুপার লিগে হায়দরাবাদ কিংসের হয়ে খেলেন এবং সম্প্রতি দলকে ফাইনালেও তুলেছিলেন। উল্লেখ্য, ফাইনালে উঠেও পেশোয়ার জাললির কাছে হেরে গিয়েছে ইরফানের দল। 

তারপর শুরু হয় ক্রিকেট নিয়ে আলোচনা। ইরফানের প্রশংসা করে ওই পুলিশকর্মী বলেন, "আপনারা দেশের গর্ব। তবে নিরাপত্তার জন্য সিটবেল্ট পরা খুবই গুরুত্বপূর্ণ।" মজার ছলেই তিনি আরও প্রশ্ন করেন, "একটা ছয় মারলে কত টাকা পান?" এই প্রশ্নে হাসিতে ফেটে পড়েন সকলেই। শেষ পর্যন্ত জরিমানা না করে শুধু সতর্ক করেই ইরফানকে ছেড়ে দেন পুলিশকর্মী। বিদায় নেওয়ার আগে তিনি বলেন, "আপনি আমাদের কাছে বিশেষ মানুষ।" পালটা ইরফানও ধন্যবাদ জানান।

মাঠের বাইরের এই ঘটনা এখন সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল। কেউ লিখেছেন, 'পুলিশও বুঝে গিয়েছে, 'ছক্কা মারার আগে সিটবেল্ট বাঁধা জরুরি!' আরেকজনের মন্তব্য, 'জরিমানার বদলে ছক্কার রেট জেনে নিলেন পুলিশ!' কেউ আবার মজা করে লিখেছেন, "ইরফানের জন্য এটা ছিল 'ফ্রি হিট'!" আরও এক নেটিজেনের মন্তব্য, 'ক্রিকেটার বলে ছাড় পাবেন কেন? ট্রাফিক আইন তো সকলের জন্য এক হওয়া উচিত?'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement