shono
Advertisement
PCB

কোচ-প্লেয়ারদের পর 'নয়নমণি'র উপর কোপ! দায় এড়াতে দোষারোপ পাক ক্রিকেট কর্তা নকভির

'প্যান্ট বদলানোর মতো সিদ্ধান্ত বদলায়', পাক ক্রিকেটকে তোপ প্রাক্তন অজি কোচের।
Published By: Arpan DasPosted: 09:14 PM Sep 04, 2026Updated: 09:14 PM Sep 04, 2026

পাক ক্রিকেটে গন্ডগোল থামার কোনও লক্ষণ নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট হার, তারপর কোচ বরখাস্ত, প্লেয়ারদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে টালমাটাল পরিস্থিতি। এবার আসরে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। একসময় যিনি ছিলেন 'নয়নমণি', সেই নির্বাচক আকিব জাভেদকে তাড়ানোর জন্য উঠেপড়ে লেগেছেন নকভি। একই সঙ্গে পাকিস্তানের প্রাক্তন কোচ জেসন গিলেস্পিও তোপ দেগেছেন।

Advertisement

পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে রীতিমতো নাটক চলছে। ইংল্যান্ডের কাছে টানা দুই টেস্টে হার। এখনও আরেকটি টেস্ট বাকি। এসবের মধ্যে সিরিজের মাঝপথে টেস্ট স্কোয়াডের সাতজন ক্রিকেটার বদলে ফেলা হচ্ছে! কোচ বদলে যাচ্ছেন। ক্রিকেটাররা বাদ পড়ার খবর জানতে পারছেন তাঁদের পরিবারের থেকে! পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা আগাগোড়া বদলাতে বলছেন। দায় কার? কাউকে একটা তো নিতেই হবে। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, এবার চাকরি যাচ্ছে আকিব জাভেদের।

অথচ, এই আকিব কিছুদিন আগেও ছিলেন নকভির 'নয়নমণি'। এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, পাকিস্তানের দল নির্বাচন নিয়ে বহু প্রশ্ন উঠেছে। কিন্তু নকভি সেগুলোতে গা করেননি। কিন্তু এবার সমস্ত সীমা পেরিয়েছে। পাক ক্রিকেটের কঙ্কালসার দশা প্রকট। প্রশ্ন উঠছে খোদ নকভিকে নিয়েও। তিনি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে রাজনৈতিক চাপও আছে। তাই কাউকে সামনে রেখে দায় এড়াতে চাইছেন নকভি। কোচ-প্লেয়ারদের পর তাঁর 'শিকার' আকিব। নিজের দায় এড়াতে প্রধান নির্বাচকের চাকরি কাড়তে চলেছেন নকভি।

এর মধ্যে তোপ দেগেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেস্পি। তিনি একসময় পাকিস্তানের কোচ ছিলেন। কিন্তু পাক বোর্ডের কাণ্ডকারখানায় বিরক্ত হয়ে চাকরি ছাড়েন। এবার তিনি বলছেন, "ওদের প্লেয়াররা তো ভয়ে ভয়ে খেলে। আকিব জাভেদের কোনও পরিকল্পনাই নেই। যেভাবে মানুষ প্যান্ট বদলায়, সেভাবে ওরা সিদ্ধান্ত বদলায়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement