পাকিস্তানের বিরুদ্ধে ফুটবল ম্যাচ খেলবে পাকিস্তান! ভারতের পড়শি দেশের বিরুদ্ধে নীল-সাদা জার্সিতে ম্যাজিক দেখাবেন লিওনেল মেসি? অবিশ্বাস্য মনে হলেও পাক সংবাদমাধ্যমের দাবি পাকিস্তান বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেই নিয়ে কথাবার্তাও নাকি অনেক দূরে এগিয়েছে। তবে কবে-কোথায় সেই ম্যাচ হবে, কারা খেলবেন সেসব কিছুই ঠিক হয়নি।
পাক সংবাদমাধ্যমের মতে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা অনলাইন বৈঠকে একাধিক বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এর মধ্যে কোচিং উন্নয়ন, কাঠামোগত বিভিন্ন কর্মসূচি ছাড়াও রয়েছে একটি প্রীতি ম্যাচ আয়োজনের কথা।
আর্জেন্টিনায় অবস্থিত পাকিস্তানের মিশনের তরফে বৈঠকটি আয়োজন করা হয়েছিল। জানা গিয়েছে, দু'পক্ষের মধ্যে আলোচনা হয়েছে, যাতে পাকিস্তানি কোচেদের আর্জেন্টিনায় নিয়ে প্রশিক্ষণ দেওয়া যায়। এই মিটিংয়ের পাকিস্তানের তরফ থেকে ছিলেন ফুটবল ফেডারেশনের প্রধান সৈয়দ মহসিন গিলানি ও অ্যাম্বাসাডর হাসান আফজল খান। আর্জেন্টিনার তরফ থেকে ছিলেন ফ্রান্সিসকো লেম্মি। আলোচনা যদিও প্রাথমিক স্তরে রয়েছে। তবে মনে করা হচ্ছে, ফুটবল বিশ্বকাপের পর কোনও একসময় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারে আর্জেন্টিনা।
সেই ম্যাচে কি মেসিও খেলবেন? সেই নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। তবে এই ধরনের প্রীতি ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া আলোচনা এখনও প্রাথমিক স্তরে। আদৌ কথাবার্তা কোন দিকে এগোয়, সেদিকে নজর থাকবে। যদিও পাকিস্তানের তরফ থেকে বিবৃতিতে আশা করা হয়েছে, সব ঠিকঠাক চললে সে দেশের ফুটবল অগ্রগতির পথ খুলে যাবে।
