shono
Advertisement
Rinku Singh

সরকারের বড় পদে রিঙ্কু, যোগীরাজ্যে নতুন দায়িত্বে কী কী করবেন বিশ্বকাপজয়ী তারকা?

টুর্নামেন্টের মাঝপথে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয় রিঙ্কুর বাবার। বিশ্বকাপের মধ্যেই বাবার শেষকৃত্য সেরে আবারও জাতীয় দলে যোগ দেন রিঙ্কু।
Published By: Anwesha AdhikaryPosted: 12:50 PM Mar 24, 2026Updated: 12:50 PM Mar 24, 2026

দিনকয়েক আগে টি-২০ বিশ্বকাপ জিতেছেন। এবার উত্তরপ্রদেশের বড় সরকারি পদে বসছেন রিঙ্কু সিং। সূত্রের খবর, ক্রীড়া দপ্তরের আধিকারিক হিসাবে তারকা ব্যাটারকে নিয়োগ করা হবে। মঙ্গলবারই রিঙ্কুর হাতে নিয়োগপত্র তুলে দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এমনটাও জানা গিয়েছে।

Advertisement

ক্রিকেটে অনবদ্য অবদানের জন্য রিঙ্কুকে পুরস্কৃত করবে উত্তরপ্রদেশ সরকার। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপ চলাকালীন ব্যক্তিগত জীবনে বিরাট ধাক্কা খান রিঙ্কু। টুর্নামেন্টের মাঝপথে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয় রিঙ্কুর বাবার। বিশ্বকাপের মধ্যেই বাবার শেষকৃত্য সেরে আবারও জাতীয় দলে যোগ দেন রিঙ্কু। জাতীয় দলের প্রতি যেভাবে কর্তব্য পালনে অবিচল থেকেছেন তিনি, সেই অবদানকে কুর্নিশ জানিয়েই এবার রিঙ্কুকে বড়সড় সরকারি পদ দিতে চলেছে যোগীরাজ্য।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, যোগীরাজ্যের ক্রীড়া দপ্তরে বড় পদ পেতে চলেছেন রিঙ্কু। তাঁকে রিজিওনাল স্পোর্টস অফিসার হিসাবে নিয়োগ করা হতে পারে। মঙ্গলবার উত্তরপ্রদেশের লোকভবনে বেশ কয়েকজন ক্রীড়াবিদকে সম্মানিত করবেন যোগী। সেখানেই রিঙ্কু এবং অন্যান্যদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হতে পারে। তবে এখন রিঙ্কু আইপিএলের প্রস্তুতি ব্যস্ত। কেকেআরের সঙ্গেই বুধবার তিনি মুম্বই উড়ে যাবেন। তাই মঙ্গলবারের অনুষ্ঠানে রিঙ্কু থাকতে পারবেন কিনা, সংশয় রয়েছে।

উল্লেখ্য, গতবছরই রিঙ্কুকে বেসিক এডুকেশন অফিসার পদে নিয়োগ করেছিল উত্তরপ্রদেশ সরকার।আসলে ২০২২ থেকে আন্তর্জাতিক পর্যায়ের অ্যাথলিটদের সম্মানার্থে এক বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তাদের ইন্টারন্যাশনাল মেডেল উইনার্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট রুলস-এর অধীনে আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের বিভিন্ন সরকারি পদে নিয়োগ করা হয়। এর আগে মহম্মদ সিরাজ, লভলিনা বরগোঁহাইকেও এই নিয়মের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। কিন্তু দেশের মাটিতে বিশ্বকাপজয়ী রিঙ্কুকে এবার আরও বড় পদে বসাচ্ছে যোগীরাজ্য।

প্রসঙ্গত, গত বছর বেসিক এডুকেশন অফিসার পদে নিয়োগ করা হয় রিঙ্কুকে। মূলত ব্লক এডুকেশন অফিসারদের উপর নজরদারি করা, স্কুল পরিদর্শন, শিক্ষকদের পারফরম্যান্স, শিক্ষানীতি কার্যকর- এই বিষয়গুলির দিকে নজর রাখা এই অফিসারদের কাজ। সেই চাকরির জন্য রিঙ্কুকে আগামী সাত বছরের মধ্যে স্নাতক পর্যায়ের পড়াশোনা সেরে ফেলতে হবে, এমনটাও জানা গিয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement