রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়ার পর এবার অক্ষর প্যাটেল। দুই তারকার সুরে সুর মিলিয়ে আইপিএলের 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক।
২০২৩ আইপিএলে প্রথমবার যুক্ত হয় 'ইমপ্যাক্ট প্লেয়ার'। যেখানে ম্যাচের নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ব নির্ধারিত পাঁচজনের তালিকা থেকে একজন প্লেয়ারকে পরিবর্ত হিসেবে নামাতে পারে দলগুলি। আপাতত ঠিক হয়েছে, ২০২৭ পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। বছর দু'য়েক আগে রোহিত প্রথমবার এই নিয়মের বিরোধিতা করেন। তিনি জানান, এতে ভারতীয় ক্রিকেটে অলরাউন্ডারদের উন্নতির সুযোগ প্রভাবিত হবে। গতবছর হার্দিক 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনিও কারণ হিসেবে উল্লেখ করেন অলরাউন্ডারদের সুযোগ দেওয়ার প্রসঙ্গ।
এবার স্পিনার-অলরাউন্ডার অক্ষরও নিজের অপছন্দের কথা জানালেন। "একজন অলরাউন্ডার হিসেবে নিয়মটা আমার একেবারেই পছন্দ নয়। আগে ব্যাটিং-বোলিং দু'টোই করার জন্য অলরাউন্ডারদের নেওয়া হত। এখন একজন করে অতিরিক্ত ব্যাটার-বোলার খেলানো যাচ্ছে। ফলে দলগুলিও প্রশ্ন করছে, অলরাউন্ডারের দরকারটা কী?", বলছিলেন দেশের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক, "অলরাউন্ডার হওয়ায় সেটা আমার মোটেই ভালো লাগে না। নিয়ম যখন আছে, সবাইকে মেনে চলতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার পছন্দ নয়।" গত আইপিএলে সবমিলিয়ে মাত্র ২০৪ বল করেছিলেন অক্ষর, যা ২০২৪ সালের থেকে দশ ওভার কম। যদিও তাঁর দাবি, আঙুলের চোটের জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
টি-টোয়েন্টিতে গত দেড় বছরে দু'বার বিশ্বজয়ী হয়েছেন অক্ষর। দ্বিতীয়বার ট্রফি জেতেন দেশের মাটিতে, দলের সহ অধিনায়ক হয়ে। সাফল্যের বিচারে ভারতীয় টি-টোয়েন্টি দলকে এই ফরম্যাটে সর্বকালের সেরা বলে চিহ্নিত করা হচ্ছে। এই দলের সঙ্গে চলতি শতাব্দীর শুরুতে অপরাজেয় অস্ট্রেলীয় ওয়ান ডে দলের তুলনাও করছেন অনেকে। যদিও এমন আলোচনায় বিশ্বাসী নন অক্ষর। তাঁর কথায়, “২০২২ সাল থেকে আমরা কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন থেকেই এই দলটা একটা বিশেষ পন্থা মেনে খেলে আসছে। যদি দাপট দেখাতে হয়, তবে এভাবেই ভয়ডরহীন ভাবে খেলে যেতে হবে। আর সত্যি বলতে, আমি এই সর্বকালের সেরা টি-টোয়েন্টি দলের মতো তকমায় বিশ্বাস করি না। সবটাই সময়ের ব্যাপার। কম্বিনেশন ঠিক থাকলে একটা দল অসাধারণ পারফর্ম করতে পারে।"
