আইপিএলে তিনি নিজে ব্যর্থ। বিশ্রী ফর্মে তাঁর দলও। যার জেরে এবার ঋষভ পন্থের জাতীয় দলের কেরিয়ার প্রশ্নের মুখে। বোর্ড সূত্রের খবর, টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে থেকেও পুরোপুরি ছেঁটে ফেলা হতে পারে পন্থকে। তাঁর পরিবর্তে ভালো ফর্মে থাকা সঞ্জু স্যামসন এবং ধ্রুত জুড়েলকে ভাবা হতে পারে।
এবারের আইপিএল (IPL 2026) ঋষভের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলে জায়গা পাকা রয়েছে তাঁর। সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানের উত্থানের কারণে ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটে ঋষভের জায়গা বর্তমানে নেই। ওয়ানডে-তে ব্যাক আপ কিপার হিসাবে তিনি সুযোগ পাচ্ছেন। কিন্তু সূত্রের খবর এবার সেটাও তিনি পাবেন না। ওয়ানডে-তে পন্থের বদলে সঞ্জু স্যামসনের কথাই ভাবছেন কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকপ্রধান অজিত আগরকর।
এমনিতে ভারতের ওয়ানডে দলের প্রথম পছন্দের উইকেটরক্ষক কেএল রাহুল। ঋষভ পন্থ দীর্ঘদিন তাঁর ব্যাক আপ হিসাবেই ছিলেন। প্রায় বছর দেড়েক ওয়ানডে দলে থাকলেও খেলার সুযোগ পাননি। এবার রাহুলের ব্যাক আপ হিসাবে ওয়ানডে দলে এবার সঞ্জু স্যামসনকে ভাবা হচ্ছে। টি-২০ ক্রিকেটে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তিনি। তাছাড়া আইপিএলেও দারুন ফর্মে। সবদিক ভেবে তাঁকেই এবার ভাবা হচ্ছে ওয়ানডে দলে। তবে প্রথম পছন্দ থাকবেন রাহুলই। ব্যাক আপ হওয়ার লড়াইয়ে থাকবেন ধ্রুব জুড়েলও।
পন্থ কিছুদিন আগেও টিমে অটোমেটিক চয়েস ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর ব্যাটিং পছন্দ হয়নি কোচ গৌতম গম্ভীরের। গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, ঋষভের শট নির্বাচন নিয়ে তিনি একেবারেই খুশি নন। ঋষভের একটা ব্যাটিং টেমপ্লেট রয়েছে-‘হাই রিস্ক, হাই রিওয়ার্ড।’ কিন্তু এই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কেউ কেউ ঋষভের ওই ব্যাটিং মডেল একেবারেই পছন্দ করছেন না। বরং তাঁদের মতে, পন্থের আরও বেশি দায়িত্ব নেওয়া উচিত। কারণ টিমের একজন সিনিয়র ক্রিকেটার। সবসময় ঝুঁকিপূর্ণ ব্যাটিং উচিত নয়। বরং পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা দরকার। পন্থকে হয়তো সেই বার্তাও দিয়ে দেওয়া হয়েছে।
