২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছাড়লেন শন টেট (Shaun Tait)। গত বছর বোলিং কোচ হিসেবে পদ্মাপারের দলে যোগ দিয়েছিলেন এই অস্ট্রেলীয় পেসার। তবে মেয়াদের অনেকটা সময় বাকি থাকতেই সরে দাঁড়ালেন তিনি।
আর বাংলাদেশ জাতীয় দল থেকে টেট পদত্যাগ করতেই জল্পনা শুরু হয়েছে তাঁর বাংলায় আসা নিয়ে। আসলে সম্প্রতি বাংলা দলের হেড কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল সিএবি। সেই পদের জন্য আবেদন করেন টেট। সিএবি-র কোচ নির্বাচন কমিটি তাঁর সাক্ষাৎকারও নেয় বলে খবর। ইতিমধ্যে সিএবি থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন মরশুমে লক্ষ্মীরতন শুক্লাই সিনিয়র দলের কোচ থাকছেন। তাঁর সহকারী হওয়ার সঙ্গে দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সুরেন্দ্র ভাবে। কিন্তু এবার বোলিং কোচ কে হবেন, তা নিয়ে কোনও ঘোষণা করেনি সিএবি। প্রাক্তন অস্ট্রেলীয় পেসারকে সেই ভূমিকায় দেখা যেতে পারে বলে জল্পনা রয়েছে।
অন্যদিকে, শুক্রবার বেঙ্গল টি-টোয়েন্টি লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স এবং নোভাস রয়্যালস পুরুলিয়া। লিগের তৃতীয় সংস্করণ শুরু হচ্ছে বেশ সাদামাটা ভাবেই। অতীতে জিৎ, সুনীধি চৌহানরা এসেছেন উদ্বোধনী অনুষ্ঠানে। কিন্তু এবার তেমন কিছু হচ্ছে না বলেই খবর।
পাশাপাশি, মহম্মদ শামির খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যা জানা নেই সিএবি সচিব বাবলু কোলেরও। তিনি বলছেন, "শামি খেলবে কি না সেটা ওর ফ্র্যাঞ্চাইজি বলতে পারবে।” যেখানে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন নিজেদের লিগে শিবম দুবে-সূর্যকুমার যাদব-শ্রেয়স আইয়ারের মতো তারকাকে খেলতে নামাচ্ছে, সেখানে শামি-প্রসঙ্গে সিএবি-র অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।
