আইপিএলে দারুণ ফর্মে ছিলেন। দিল্লি ক্যাপিটালস যে প্লেঅফের জন্য লড়াই করেছে, তার একটা বড় কারণ কেএল রাহুল। প্রায় ৬০০-র কাছাকাছি রান করেছেন। কিন্তু সেই কেএল রাহুলই (KL Rahul) অবিক্রীত থেকে গেলেন নিজের রাজ্যের নিলামে। কর্নাটকের ফ্র্যাঞ্চাইজি লিগের মহারাজা ট্রফিতে কোনও দলই তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। কিন্তু কেন?
এবার আইপিএলে ১৭৫ স্ট্রাইক রেটে ৫৯৩ রান করেছেন রাহুল। একটা সেঞ্চুরিও আছে। তবে দিল্লি ক্যাপিটালস শেষ করেছে ষষ্ঠ স্থানে। সদ্য নিলাম হয়েছে কর্নাটক ক্রিকেট বোর্ডের মহারাজা ট্রফির। সেখানে নিজের জন্য ২ লক্ষ টাকা ন্যূনতম মূল্য রাখেন রাহুল। কিন্তু তাঁর নাম নিলেও কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। দেবদত্ত পাড়িক্কল, ময়ঙ্ক আগরওয়াল, মণীশ পাণ্ডে, করুণ নায়াররা এই লিগে খেলবেন। কিন্তু রাহুল থাকবেন না।
কেন এই অবস্থা? না, এতে রাহুলকে 'অপমান' করা হয়নি। আসলে নিলামে নাম দিলেও তিনি আদৌ এই টুর্নামেন্টে খেলবেন কি না, তার নিশ্চয়তা নেই। মহারাজা ট্রফি শুরু হচ্ছে ২০ জুন থেকে। চলবে ১২ জুলাই পর্যন্ত। এই সময়ের মধ্যে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। রাহুল যদিও টি-টোয়েন্টি দলে নেই। তবে এই সিরিজের আগে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে আছে। এই দুই ফরম্যাটেই রাহুল প্রথম দলের সদস্য। এই সিরিজগুলোতে খেললে মহারাজা ট্রফিতে শুরুর দিকে খেলতে পারবেন না।
তাহলে নিলামে নাম কেন দিলেন? সেটা অবশ্য জানা যায়নি। তাঁকে কিনলে ন্যূনতম ২ লক্ষ টাকা যাবে ওই ফ্র্যাঞ্চাইজির, কিন্তু খেলবেন কি না ঠিক নেই। তাছাড়া আরেকটা প্রশ্নও ক্রিকেটমহলে ঘুরপাক খাচ্ছে। আইপিএলে ভালো খেলায় কি আয়ারল্যান্ড-ইংল্যান্ড সিরিজে ডাক পেতে পারেন রাহুল? সেই জন্যই কি মহারাজা ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি?
