সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নেমেছে ভারত। সেই ম্যাচে টসে জিতে হরমনপ্রীতদের ব্যাট করতে পাঠান কিউয়ি অধিনায়ক সোফি ডিভাইন। তাঁর এই সিদ্ধান্ত হয়তো বুমেরাং হল। প্রথমে ব্যাট করে কেরিয়ারের ১৪তম সেঞ্চুরি হাঁকালেন স্মৃতি মন্ধানা।
আমনজ্যোত কৌরের জায়গায় এই ম্যাচে জেমাইমা রদ্রিগেজ দলে ফিরেছেন। বৃহস্পতিবার শুরু থেকেই অনবদ্য ব্যাটিং উপহার দুই ভারতীয় ওপেনার প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মন্ধানা। ৮৮ বলে সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। চলতি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পেলেন তিনি। আগের ম্যাচগুলিতে ভালো খেললেও নিজের ইনিংসকে তিন অঙ্কের রানে নিয়ে যেতে পারছিলেন না। নিউজিল্যান্ড ম্যাচে তিনি শেষ পর্যন্ত আউট হলেন ৯৫ বলে ১০৯ রানে। তাঁর ইনিংসটি সাজানো ১০টা চার এবং ৪টি বিশাল ছয় দিয়ে। স্মৃতি যখন আউট হলেন, ভারতের রান ২১২।
এক বছরে মহিলাদের ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড গড়েছেন স্মৃতি। চলতি বছর স্মৃতি এই ফরম্যাটে পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটার তাজমিন ব্রিটসের নজির স্পর্শ করেছেন তিনি। ইন্দোরে এই বিশ্বকাপেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৪ বছর বয়সি ব্রিটস এই কৃতিত্ব অর্জন করেছিলেন। অন্যদিকে, ১৪টি সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিংয়ের ঠিক পরেই রয়েছেন স্মৃতি। ল্যানিংয়ের সেঞ্চুরির সংখ্যা ১৫।
এর আগে অবশ্য রেকর্ড গড়ে ফেলেছে ভারতের ওপেনিং জুটি। এ বছর তারা পঞ্চম সেঞ্চুরি পার্টনারশিপ গড়েছেন। ২০০০ সালে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক এবং লিসা কেইটলিরও একই কৃতিত্ব রয়েছে, অর্থাৎ জুটিতে সেঞ্চুরির পর অজি তারকাদের নজির স্পর্শ করেছেন তাঁরা।
