আইপিএল চলাকালীনই সুখবর। বাবা হলেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। কন্যা সন্তানের জন্ম দিলেন স্ত্রী দেবিশা। সোশাল মিডিয়ায় নিজেই সুখবর জানিয়েছেন সূর্য।
এই মুহূর্তে মুম্বইয়ের হয়ে আইপিএলে খেলছেন সূর্য। শুক্রবারই তাঁদের ম্যাচ আরসিবির বিরুদ্ধে। কিন্তু সেই ম্যাচের আগে আচমকা তিনি মুম্বই ম্যানেজমেন্টের কাছে পারিবারিক কারণে ছুটি চেয়ে নেন। তারপরই সূর্যর বাবা হওয়ার খবর মিলল। সূত্রের খবর, বৃহস্পতিবারই ভারত অধিনায়কের স্ত্রী দেবিশা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মা ও সন্তান দু'জনেই সুস্থ।
সূর্য যে বাবা হতে চলেছেন সেই জল্পনা প্রথম ছড়ায় ভারতের টি-২০ বিশ্বজয়ের রাতেই। সেদিন সূর্যর স্ত্রী দেবিশা শেট্টি স্টেডিয়ামেই ছিলেন। তাঁকে দেখে অনেকের মনে হয়, সম্ভবত তিনি অন্তঃসত্ত্বা। এমনকী সোশাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিও দেখে নেটিজেনরাও হিসাব কষা শুরু করেন। কিছুদিন আগে দেবিশার সাধের অনুষ্ঠানের ভিডিও-ও ভাইরাল হয়। তাতে দেখা যায়, এক বিরাট হলে দেবিশার হাত ধরে সূর্য ঢুকছেন। সেখানে আরও অনেকেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এমনকী ভিডিওর একটি অংশে দেবিশার ‘বেবি শাওয়ার’-এর আমন্ত্রণ বার্তাও দেখা যায়। তাতেই সূর্যর বাবা হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে যায় নেটদুনিয়া।
২০১৬ সালে তাঁদের বিয়ে হয়। তবে পরিচিতি ২০১০ সালে। অন্যদিকে জাতীয় দলে ডাক পাওয়ার জন্য সূর্যকে ৩০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অবশেষে বিয়ের ১০ বছর বাদে তাঁদের কোল আলো করে এল সন্তান।
