টি-২০ বিশ্বকাপ চলাকালীন স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে চেয়েছিলেন ক্রিকেটাররা। সেই আবেদন মঞ্জুর করেনি বিসিসিআই। তবে বোর্ডকে বুড়ো আঙুল দেখিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। মেগা টুর্নামেন্টে আগাগোড়া প্রেমিকা মাহিকা শর্মাকে সঙ্গে নিয়ে ঘুরতে দেখা গিয়েছে। এবার কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও প্রেমিকার পরিচয় করিয়ে দিলেন তারকা অলরাউন্ডার, তাও টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগের দিন।
রবিবার আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলবে ভারত। তার আগে শুক্রবার আহমেদাবাদে পৌঁছেছেন হার্দিকরা। টিম বাসে ওঠার সময়েই দেখা যায়, হার্দিকের সঙ্গে রয়েছেন মাহিকা। সেসময়েই গম্ভীরকে ডেকে মাহিকার সঙ্গে আলাপ করিয়ে দেন তারকা অলরাউন্ডার। হাসিমুখে মাহিকাকে জড়িয়েও ধরেন হেডকোচ। মাহিকাও হাসি বিনিময় করেন। সেই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়।
উল্লেখ্য, বছরদুয়েক আগে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ডিভোর্সের পর একাধিক মহিলার সঙ্গে হার্দিকের নাম জড়িয়েছিল। কিন্তু মাহিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন হার্দিক নিজেই। টিমের সঙ্গে আজকাল মাহিকাকে অহরহ দেখা যায়। বিশ্বকাপের একাধিক ম্যাচও দেখতে গিয়েছেন তিনি। এমনকি বিশ্বকাপের মধ্যে মাহিকার ২৫ তম জন্মদিন ছিল। সেটাও মহাসমারোহে পালন করেছেন হার্দিক। ভারতীয় দলের অনেক সদস্য হাজির ছিলেন সেই জন্মদিন উদযাপনে।
কিন্তু প্রশ্ন উঠছে, মাহিকার সঙ্গে হার্দিক এভাবে খুল্লামখুল্লা রোম্যান্স করছেন কী করে? বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে স্ত্রী-বান্ধবীদের সঙ্গে থাকতে পারবেন না ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্ট থেকে ভারতীয় বোর্ডের কাছে বিশেষ আর্জি জানানো হয়েছিল। যেখানে ম্যানেজমেন্ট চেয়েছিল বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটারের পরিবারের সদস্যরা যেন তাঁদের সঙ্গে থাকতে পারে। বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের কাছেও সেই আর্জি করা হয়। কিন্তু সেই দাবি পত্রপাঠ খারিজ হয়ে যায়। তারপরেও হার্দিক দিব্যি বান্ধবীকে নিয়ে ঘুরছেন, আলাপ করিয়ে দিচ্ছেন হেডকোচের সঙ্গে। প্রসঙ্গত, বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল দেখতে হাজির ছিলেন মাহিকা। সঙ্গে ছিল হার্দিকপুত্র অগস্ত্যও।
