পাকিস্তানের ‘বিশ্বকাপ নাটক’ নিয়ে আগেও কটাক্ষ করেছে আইসল্যান্ড ক্রিকেট। তারাই প্রথম প্রকাশ্যে সোশাল মিডিয়ায় জানায়, পাকিস্তান বিশ্বকাপ খেলতে না চাইলে আইসল্যান্ড খেলার জন্য প্রস্তুত। সেই আইসল্যান্ড ক্রিকেট ফের কটাক্ষ ছুঁড়ে দিল পাকিস্তানকে। এবার তারা দাবি করল, ইতিহাস গড়ে মাত্র ৩ ঘণ্টার মধ্যে এবারের টি-২০ বিশ্বকাপে থেকে ছিটকে যেতে পারে পাক দল।
আইসল্যান্ড ক্রিকেটের এক্স পোস্টে বলা হচ্ছে, "যদি কোনওভাবে বিশ্বকাপের প্রথম ম্যাচে ডাচরা পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে টুর্নামেন্ট শুরুর মাত্র ৩ ঘণ্টার মধ্যে বিশ্বকাপ থেকে পাকিস্তানের ছিটকে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে। আর সেটা ইতিহাস হবে।" কিন্তু কীভাবে? একটু হিসাবে করলেই সেই অঙ্ক পাওয়া যাবে। এমনিতেই পাকিস্তান সরকার ঘোষণা করে দিয়েছে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে তারা খেলবে না। আবার ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, তারা ঠিক সময়মতো শ্রীলঙ্কায় যাবে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল মাঠেও নামবে। সাংবাদিক সম্মেলন, অনুশীলন, টস- যা যা করতে হয় সবই করবে। কিন্তু শেষ পর্যন্ত যদি টসের সময় পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা না পৌঁছন, তাহলে ওয়াকওভার পেয়ে যাবে ভারত।
তাহলে ব্যাপারটা যা দাঁড়াল সেটা হচ্ছে, টুর্নামেন্টে নামার আগেই এক ম্যাচ হেরে বসে আছে পাকিস্তান। আবার তাঁদের নেট রান রেটও ভয়ংকর। কারণ, ভারতের ম্যাচ বয়কট করলে ধরে নেওয়া হবে, ২০ ওভার থাকতেই ম্যাচ হেরেছে পাকিস্তান। সেক্ষেত্রে একটা দল ১১৯ বলে হারলে যে বিরাট ধাক্কা নেট রান রেটে খাওয়ার কথা, সেটাই পাকিস্তান খাবে। এরপর যদি নেদারল্যান্ডসের বিরুদ্ধেও পাকিস্তান হেরে যায়, তাহলে তাঁদের কার্যত দুই ম্যাচে পয়েন্ট দাঁড়াবে ০। এবং নেট রান রেট অনেকটা নেগেটিভ। সেক্ষেত্রে বাকি দুই ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে।
ক্রিকেটদুনিয়ায় আইসল্যান্ড একেবারেই অপরিচিত। ২২ গজে নেমেও তেমন কিছু করে দেখাতে পারেনি তারা। সেদেশের ক্রিকেটারের নামও অজানা। তবে সোশাল মিডিয়ায় আইসল্যান্ড ক্রিকেট তুমুল জনপ্রিয়। মজার কমেন্ট, একাধিক ক্রিকেটার এবং দলকে ট্রোলিং-এসবের মাধ্যমেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে পরিচিতি গড়ে তুলেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। ফের পাকিস্তানকে ঠুকে শিরোনামে আইসল্যান্ড।
