তিনি ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁকে অনেকেই ডাকেন টিম ইন্ডিয়ার 'ফ্যাশন আইকন'। হার্দিক পাণ্ডিয়ার হেয়ার স্টাইল, ট্যাটু কিংবা হিরে খচিত কানের দুল নিয়ে কম চর্চা হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে আবারও চর্চায় তাঁর হেয়ার স্টাইল। যা দেখে চমকিত নেট নাগরিকরা। তাঁদের প্রশ্ন, নতুন লুকে হার্দিককে দেখে কী বলছেন তাঁর ভালোবাসার মানুষ মাহিকা শর্মা?
৭ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ আমেরিকার বিরুদ্ধে। যদিও তার আগে হার্দিকের নতুন লুক নিয়ে সোশাল মিডিয়ায় চর্চা অব্যাহত। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, নতুন চুলের ছাঁট নিয়ে হাজির হয়েছেন হার্দিক। সেখানে দেখা যাচ্ছে, হার্দিকের মাথার মাঝখানে চুল থাকলেও শেষের দিকের চুল মিহি করে ছাঁটা। তবে তার রং সাদাটে-সোনালি। যাকে বলা হচ্ছে 'প্ল্যাটিনাম ব্লন্ড'। নতুন লুকে হার্দিককে প্রথম নজরে চিনতে পারা কঠিন।
এমনিতেই নিত্যনতুন হেয়ারস্টাইলের জন্য পরিচিত হার্দিক। বড় টুর্নামেন্টের আগে চুলের ছাঁট পরিবর্তন করেন ভারতীয় অলরাউন্ডার। এর আগে তাঁর স্যান্ডি ব্লন্ড, টেক্সচার্ড টপ কিংবা লো ফেইড কাট সোশাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। এবার হার্দিক ভক্তদের আশা, হালকা দাড়ি এবং সাদা-স্বর্ণকেশী ছাঁট নিয়ে বিশ্বকাপে ব্যাটে বলে তুখোড় পারফরম্যান্স করবেন। যদিও নতুন লুকে হার্দিককে দেখে এখনও কোনও মন্তব্য করেননি তাঁর প্রেমিকা মাহিকা। তবে তাঁর প্রতিক্রিয়ার আশায় রয়েছেন নেটিজেনরা।
নতুন লুকে হার্দিক। ছবি সোশাল মিডিয়া।
উল্লেখ্য, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে হার্দিকই প্রথম পেসার অলরাউন্ডার হিসাবে একসঙ্গে হাজারের বেশি রান ও ১০০-এর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এই নজির গড়েছিলেন শুধুমাত্র স্পিন অলরাউন্ডাররা। বাংলাদেশের শাকিব আল হাসান, আফগানিস্তানের মহম্মদ নবি এবং জিম্বাবোয়ের সিকান্দর রাজা ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছিলেন। সেই তালিকায় চতুর্থ নাম হার্দিক। তবে দ্রুতগতির বোলার হিসাবে এই কীর্তি একমাত্র তাঁরই। নতুন হেয়ার স্টাইল নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছেন তিনি। এখন দেখার নতুন হেয়ার স্টাইল হার্দিকের জন্য কতটা ভাগ্য নিয়ে আসতে পারে।
