আগেই নিশ্চিত হয়ে গিয়েছে সুপার এইট। পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নেদারল্যান্ডস ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে নিয়মরক্ষার। সেই ম্যাচে টসভাগ্য সহায় হল ভারত অধিনায়কের। ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন তিনি।
ম্যাচটি নিয়মরক্ষার হলেও 'সার্চলাইটে' থাকবেন অভিষেক শর্মা। বাঁহাতি ওপেনার এখনও পর্যন্ত নিষ্প্রভ। বিশ্বকাপে দু'টো ম্যাচ খেললেও একটা রানও করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বলে আউট। পাকিস্তানের বিরুদ্ধে নিজের ইনিংসের চতুর্থ বলে। মাঝের সময়টায় অসুস্থতা প্রবল ভুগিয়েছে অভিষেককে। এতটাই যে, হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়।
শেষ পাঁচটা টি-টোয়েন্টি ইনিংসে সম্মিলিত ৫৪ রান করেছেন ভারতীয় ওপেনার। যার মধ্যে তিনটে শূন্য রয়েছে। এর অর্থ এটা নয় যে, তিনি ছন্দে নেই। বুধবার ডাচেদের বিরুদ্ধে পুরোদস্তুর নিয়মরক্ষার ম্যাচে বিধ্বংসী ওপেনার যেমন ফর্মে ফেরার চেষ্টা চালাবেন, তেমনই দক্ষিণ আফ্রিকা যুদ্ধের প্রস্তুতি সারবে ভারতীয় দল।
এমন একটা ম্যাচে কুলদীপ যাদবের বদলে দলে ফিরলেন অর্শদীপ সিংহ। বিশ্রাম দেওয়া হল অক্ষর প্যাটেলকে। চোট সারিয়ে ফিরলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। টসের সময় সেকথা জানিয়ে সূর্যকুমার বলেন, "পিচ দেখে তো ভালোই মনে হচ্ছে। গত রাতে এখানে অনুশীলন করেছি। কিছুটা হলেও শিশির পড়েছিল। তবে আশা করি বড় স্কোর করতে পারব। এবং বোলারদের উপর যাতে চাপ না পড়ে, সেই চেষ্টা করব। আমাদের দলের পরিবেশ খুবই ভালো। ওরা অসাধারণ খেলছে। প্রত্যেক খেলায় নতুন নতুন পারফর্মার উঠে আসছে। আশা করছি, আজ রাতে একজন নতুন ম্যান অফ দ্য ম্যাচ পাব।"
ভারতের প্রথম একাদশ:
অভিষেক শর্মা, ঈশান কিশান (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরাহ।
