shono
Advertisement

Breaking News

T20 World Cup

বুমরাহ ধামাকার জবাব ফারহানের সিক্সার! ৭-১ লজ্জা মুছতে মরিয়া পাকিস্তান, পালটা কোন চাল ভারতের?

ফলাফল যাই হোক না কেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি টক্কর হয়েছে বরাবরই। বিরাট কোহলির অবিশ্বাস্য ইনিংস থেকে শুরু করে জশপ্রীত বুমরাহর ম্যাচ জেতানো স্পেলের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা।
Published By: Anwesha AdhikaryPosted: 10:15 AM Feb 15, 2026Updated: 11:09 AM Feb 15, 2026

স্কোরলাইনটা বড়ই একপেশে, ৭-১। টি-২০ বিশ্বকাপে যতবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান, একবার বাদে প্রত্যেকবারই জিতে মাঠ ছেড়েছে মেন ইন ব্লু। তবে ফলাফল যাই হোক না কেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি টক্কর হয়েছে বরাবরই। বিরাট কোহলির অবিশ্বাস্য ইনিংস থেকে শুরু করে জশপ্রীত বুমরাহর ম্যাচ জেতানো স্পেলের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। রবিবারের কলম্বোয় কি ঘুরে দাঁড়াতে পারবে পাকিস্তান? নাকি আবারও জয় আসবে ভারতের ঝুলিতেই?

Advertisement

ভারত-পাক ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে পাঁচ খণ্ড লড়াই। একের বিরুদ্ধে এক যুদ্ধে যিনি জিতবেন, ম্যাচে দাপট থাকবে তাঁর দলেরই।

  • জশপ্রীত বুমরাহ বনাম সাহিবজাদা ফারহান
    গত এশিয়া কাপে তিন বারে তিন বারই ভারতের কাছে পর্যদুস্ত হয়েছে পাকিস্তান। কিন্তু জশপ্রীত বুমরাহকেও যে একাধিক ছয় মারা যায়, তা সেই টুর্নামেন্টে দেখিয়ে দিয়েছিলেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। এবারও এই ডুয়েলে যে জিতবেন, মানসিক অ্যাডভান্টেজ তাঁর দলের।
  • বাবর আজম বনাম বরুণ চক্রবর্তী
    ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণ চক্রবর্তীকে সাধারণ স্পিনারের স্তরে নামিয়ে এনেছিলেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। কিন্তু বরুণ তার পর থেকে নিজেকে বদলেছেন অনেক। তাঁর বোলিং আরও বেশি ধারালো হয়েছে। বাবর পাকিস্তান টি-টোয়েন্টি টিমে এসেছেন প্রচুর প্রশ্নচিহ্ন সঙ্গে নিয়ে। টেকনিক্যালি তিনি বাকি পাকিস্তানি ব্যাটারদের চেয়ে ভালো। বরুণের বৈচিত্রের মোকাবিলায় তিনিই সেরা লোক। কিন্তু তা আদৌ বাবরের পক্ষে সম্ভব হবে কি না, সন্দেহ।
  • সূর্যকুমার যাদব বনাম উসমান তারিক
    আনঅর্থোডক্স ব্যাটার বনাম আনঅর্থোডক্স বোলার। পাকিস্তানি স্পিনার উসমান তারিকের সাইড আর্ম অ্যাকশন, বল রিলিজের আগে হুট করে 'পজ' নেওয়া, সবই বিতর্কসভা বসিয়ে দিয়েছে। সূর্যকুমার, তিনি আবার সম্পূর্ণ অন্য ঘরানার ব্যাটার। টেক্সটবুক ক্রিকেটে নয়, ইম্প্রোভাইজেশনে বিশ্বাসী। তাই সূর্যকুমার বনাম উসমানের লড়াই আজকের অন্যতম মুখ্য আকর্ষণ।
  • ঈশান কিষান বনাম শাহিন আফ্রিদি
    ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকেই দুরন্ত ছন্দে তারকা ওপেনার। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই ঝোড়ো ইনিংস খেলেছেন। পাক ম্যাচের শুরুতেও ঝড় তোলাটাই তাঁর লক্ষ্য থাকবে। অন্যদিকে নতুন বলে পাকিস্তানের সেরা অস্ত্র শাহিন। পাওয়ার প্লে'তে উইকেট তুলতে 'অভ্যস্ত', যদিও ভারতের বিরুদ্ধে সেভাবে খাটেনি এই ফর্মুলা।
  • শিবম দুবে বনাম আবরার আহমেদ
    স্পিনারদের বিরুদ্ধে বরাবরই আগ্রাসী ব্যাটিং করেন ভারতের তারকা অলরাউন্ডার। অন্যদিকে কলম্বোর পিচে পাকিস্তানি স্পিনাররা বেশ সাহায্য পাচ্ছেন। আবরার আহমেদ-সহ অন্যান্য পাক স্পিনাররা কি শিবমের রানের গতি আটকাতে পারবেন?
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement