বাবার প্রেমিকার কোলে বসে ম্যাচ দেখছে ছেলে! বৃহস্পতিবার এমন অভিনব দৃশ্যের সাক্ষী থাকল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। মাঠে নেমে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করেছেন হার্দিক পাণ্ডিয়া। আর গ্যালারি থেকে সমানে চিৎকার করে বাবাকে সমর্থন করেছে হার্দিকপুত্র অগস্ত্য। বৃহস্পতিবার সে খেলা দেখতে এসেছিল বাবার প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে। মাহিকার কোলে অগস্ত্যর ছবি নেটদুনিয়ায় ভাইরাল।
২০২৪ সালে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ডিভোর্স হয় হার্দিকের। তবে দাম্পত্য শেষ হয়ে গেলেও 'পালা করে' বাবা এবং মায়ের কাছে থাকে অগস্ত্য। দিনকয়েক আগে একমাত্র সন্তানকে বিলাসবহুল উপহারও দিয়েছেন তারকা অলরাউন্ডার। সম্প্রতি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ির সঙ্গে দেখা যায় নাতাশাকে। সঙ্গে ছিল অগস্ত্যও। এই গাড়ির দাম ৩ থেকে ৪ কোটি টাকা। গাড়ি সংস্থা জানিয়েছে, এই ল্যান্ড রোভার আসলে ছেলেকে উপহার দিয়েছেন হার্দিক নিজেই। সবমিলিয়ে, ছেলের প্রতি ভালোবাসা এতটুকু ফিকে হয়নি কুংফু পাণ্ডিয়ার।
এবার দেখা গেল, অগস্ত্যকে বেশ স্নেহ করছেন হার্দিকের নতুন প্রেমিকা মাহিকাও। বছরদুয়েক আগে নাতাশার সঙ্গে ডিভোর্সের পর একাধিক মহিলার সঙ্গে হার্দিকের নাম জড়িয়েছিল। কিন্তু মাহিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন হার্দিক নিজেই। টিমের সঙ্গে আজকাল মাহিকাকে অহরহ দেখা যায়। বিশ্বকাপের একাধিক ম্যাচও দেখতে গিয়েছেন তিনি। তবে এই প্রথমবার তাঁকে দেখা গেল হার্দিকপুত্র অগস্ত্যের সঙ্গে। প্রেমিকের পুত্রকে কোলে নিয়ে ম্যাচ দেখলেন মাহিকা। একসঙ্গে টেনশন করলেন, একসঙ্গে সেলিব্রেশনও করলেন। একযোগে গলা ফাটালেন হার্দিকের ভালোবাসার দু'জন মানুষ।
নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে হার্দিকেরও একটি ভিডিও। সেখানে দেখা যায়, ডাগআউট থেকে গ্যালারির দিকে দেখছেন হার্দিক। সেখানে অগস্ত্য এবং মাহিকাকে একসঙ্গে দেখে তাঁর মুখে একগাল হাসি। তারপর বেশ মজার অঙ্গভঙ্গি করতে থাকেন ছেলে এবং প্রেমিকার দিকে তাকিয়ে। তিনজনের মধ্যে এমন মিষ্টি সম্পর্ক দেখে মুগ্ধ নেটদুনিয়া। বাবা আউট হতে রেগে যাচ্ছে খুদে অগস্ত্য, তাকে শান্ত করছেন মাহিকা-সেই দৃশ্য দেখে নেটিজেনরাও আপ্লুত।
