shono
Advertisement
T20 World Cup

ট্রফি জয়ের স্বপ্ন বিসর্জন! 'ফাইনালেও খেলবে না?' ভারতের ম্যাচ বয়কটের 'নাটকে' প্রশ্ন প্রাক্তনীদের

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান। কিন্তু নক আউট পর্ব বা ফাইনালে যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ পড়ে, তখন কী করবেন সলমন আলি আঘারা? সেখানেও কি ম্যাচ বয়কট করে ট্রফি জয়ের আশা ছেড়ে দেবেন?
Published By: Anwesha AdhikaryPosted: 10:59 AM Feb 02, 2026Updated: 10:59 AM Feb 02, 2026

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান। কিন্তু নক আউট পর্ব বা ফাইনালে যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ পড়ে, তখন কী করবেন সলমন আলি আঘারা? সেখানেও কি ম্যাচ বয়কট করে ট্রফি জয়ের আশা ছেড়ে দেবেন? প্রশ্ন তুলেছেন কেভিন পিটারসেন-রবিচন্দ্রন অশ্বিনের মতো প্রাক্তনীরা। ক্রিকেটপ্রেমীরাও জানতে চান, নকআউটেও কি ভারত বিরোধিতার সিদ্ধান্তে অনড় থাকবে পাক বোর্ড? ট্রফি জয়ের স্বপ্ন বিসর্জন দিয়ে আইসিসির অবিচারের প্রতিবাদ করবে তারা?

Advertisement

সরকারিভাবে ঘোষণা না করলেও পাক বোর্ডের সিদ্ধান্ত প্রকাশ্যে এসেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মাটিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ রয়েছে। কিন্তু গ্রুপ পর্বের এই ম্যাচ বয়কট করতে চলেছে পাক ব্রিগেড। বাংলাদেশের পাশে থেকে তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতেই পাক বোর্ডের এই সিদ্ধান্ত। বাংলাদেশকে এবারের বিশ্বকাপ থেকে কার্যত ঘাড়ধাক্কা দিয়েছে আইসিসি। প্রথম থেকেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে পাক বোর্ড। আইসিসি’র ভোটাভুটিতে বাংলাদেশের পাশেও দাঁড়িয়েছে। তাতেও লাভ হয়নি। তাই প্রতিবাদ প্রদর্শন করে সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে খেলবেন না পাক ক্রিকেটাররা।

প্রশ্ন উঠছে, এই বয়কটের সিদ্ধান্ত কতদিন চালিয়ে যাবে পাকিস্তান? এক্স হ্যান্ডেলে পিটারসেন লেখেন, 'এই বিশ্বকাপের গ্রুপ আর নকআউট পর্বের সূচিতে ভারত-পাকিস্তান ফাইনাল হতে পারে কিনা, আমার জানা নেই। কিন্তু যদি ভারত-পাকিস্তান ফাইনাল হয়, তাহলেও কি ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান?' অন্যদিকে অশ্বিন অবশ্য ফাইনাল পর্যন্ত ভাবেননি। এক্স হ্যান্ডেলে তাঁর প্রশ্ন, 'নকআউট ম্যাচ হলেও ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান? সত্যি?'

সূত্রের খবর, পাকিস্তান ম্যাচ বয়কট করলেও ভারতীয় দল কলম্বোয় গিয়ে ম্যাচের জন্য উপস্থিত থাকবে। বিশ্বকাপের যাবতীয় নিয়ম মেনে চলবে। ম্যাচের আগে অনুশীলন, সাংবাদিক সম্মেলন-সবই করবে ভারত। উল্লেখ্য, গতবছর এশিয়া কাপেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। ব্যাপক টালবাহানার পর অবশেষে মাঠে নামে তারা। এবারও কি সেরকম কিছু ঘটতে চলেছে বিশ্বকাপে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement