বিশ্বকাপ অভিযান শেষ। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে হেরেছে জিম্বাবোয়ে। কিন্তু এখন ঘরে ফেরা নিয়ে সমস্যায় পড়েছেন সিকান্দর রাজারা। ইরান-ইজরায়েল যুদ্ধের থাবায় বিমান পরিষেবা বিঘ্নিত। সেই কারণে ভারত থেকে কীভাবে দেশে ফিরবেন, তা বুঝতে পারছেন না জিম্বাবোয়ের ক্রিকেটাররা। আর এই দুশ্চিন্তার ছায়া পড়েছিল তাঁদের শেষ ম্যাচেও।
আমেরিকা-ইজরায়েলের যৌথ হানায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের। যুদ্ধের আগুনে গোটা মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে যুক্ত বহু মানুষ। ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু আপাতত আটকে যুদ্ধবিধ্বস্ত দুবাইয়ে। তিনি ছাড়াও ইরানের যুদ্ধের জেরে আটকে পড়েছেন ভারতের মহিলা কুস্তিগিররা।
তবে জিম্বাবোয়ের ক্রিকেটাররা আপাতত ভারতেই আছেন। রবিবার দুপুরেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ছিল জিম্বাবোয়ের। তবে তারা আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। ফলে এই ম্যাচ নিয়ে তাদের যতটা চিন্তা ছিল, তার থেকেও বেশি মাথাব্যথা দেশে ফেরা নিয়ে। সেটার প্রভাব পড়েছে খেলাতেও।
জিম্বাবোয়ের কোচ জাস্টিন সিমনস ম্যাচের পর বলে যান, "এই ঘটনার পরও মনোযোগ খেলায় ছিল। এরকম কারও মনে হতেই পারে। কিন্তু আমরা তো ঘরে ফিরব। কিন্তু কখন-কীভাবে ফিরব, এই আলোচনাই আমাদের মধ্যে বেশি হচ্ছিল। আমাদের ফেরার পরিকল্পনা নিয়ে কোনও পরিচ্ছন্ন ধারণা নেই।" জানা গিয়েছে, বিকল্প পথে জিম্বাবোয়ের ক্রিকেটার ও সমর্থকরা দেশে ফিরবেন। ইথিয়োপিয়ার রাজধানী আদ্দিস আবাবা হয়ে তাঁরা দেশে ফিরতে পারেন। তবে জিম্বাবোয়ের ক্রিকেটার গ্রিম ক্রিমার দুবাইয়ে থাকেন। ফলে সমস্যা থেকেই যাচ্ছে। অন্যদিকে পাকিস্তান দল শ্রীলঙ্কা থেকে নির্বিঘ্নে লাহোর পৌঁছে গিয়েছে।
