বিশ্বকাপের বয়কটের ধুয়ো তুলে বহু তর্জন-গর্জন করেছিল পাকিস্তান। কিন্তু খেলার বেলা অষ্টরম্ভা। এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে তাদের। খুব স্বাভাবিকভাবেই পাক দলের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলছে। এমন করুণ অবস্থা দেখে মন কাঁদছে কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটারের ছেলের। অবসর ভেঙে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বলা হচ্ছে, উসমান কাদিরের কথা। তিনি কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদিরের ছেলে। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। সেই তিনি এবার জানিয়েছেন, দেশের হয়ে সমস্ত ফরম্যাটে খেলার জন্য তৈরি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের পর এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'অস্ট্রেলিয়ায় সফল সময় কাটিয়েছি। এরপর অনেক ভাবনাচিন্তার পর আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর ভাঙার সিদ্ধান্ত নিলাম।'
পাকিস্তানের জার্সিতে তিনি শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালে। এরপর জাতীয় দলে সুযোগ মিলছিল না। একপ্রকার হতাশা থেকেই ২০২৪ সালে অবসর নিয়ে নেন। এরপর অজি ভূমে লোকাল লিগ খেলছিলেন। 'অস্ট্রেলিয়ায় আমার সময়টা ভালো কেটেছে। ৪১টা উইকেট পেয়েছি। আমার বোলিং আরও ধারাল হয়েছে। আমি প্রমাণ করেছি যে, বিশ্বমঞ্চে এখনও সেরাটা দিতে পারি।' বলছেন কাদির।
উল্লেখ্য, বিশ্বকাপে কেবল ভারতের বিরুদ্ধে নয়, অন্য বড় দলের বিরুদ্ধেও ব্যর্থ তারা। সব নিলিয়ে পাক ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে মোটেই স্বস্তিতে নেই পিসিবি। বিশ্বকাপের পর পুরো দলের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নকভি। এর মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে, সলমন আলি আঘার অধিনায়কত্ব কেড়ে নেওয়া। এই পরিস্থিতিতে কি উসমান কাদিরের মতো বোলার ফের পাকিস্তান দলে সুযোগ পাবেন? সময়ই এর উত্তর দেবে।
