ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে যত কাণ্ড যশস্বী জয়সওয়ালকে ঘিরে। আউট হয়ে সাজঘরে ফেরার সময় তাঁর মেজাজ সপ্তমে চড়ল। শ্রীলঙ্কার পেসার অশিথা ফার্নান্ডোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে ফার্নান্ডোকে গুঁতোও মারতে দেখা যায় ভারতীয় ওপেনারকে। এই আচরণের জন্য শাস্তির মুখে পড়তে হবে বাঁহাতি ব্যাটারকে? এই প্রশ্নের মাঝেই যশস্বী পাশে পেয়েছেন দলকে। তাঁকে নিয়ে মন্তব্য করেছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
ঠিক কী ঘটেছে? ভারতের ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে ফার্নান্ডোর বলে বোল্ড হন যশস্বী। উইকেট পাওয়ার উচ্ছ্বাসে মেতে ওঠেন ফার্নান্ডো-সহ শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। সেই সময় ফার্নান্ডোকে উত্তেজিত ভাবে কিছু বলতে দেখা যায়। আউট হয়ে তাঁদের পাশ দিয়েই সাজঘরের দিকে এগোচ্ছিলেন যশস্বী। আচমকাই পিছন ফিরে শ্রীলঙ্কার বোলারের দিকে এগিয়ে যান তিনি।
এর পর দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতেই ফার্নান্ডোর দিকে মাথা এগিয়ে দেন যশস্বী। শ্রীলঙ্কার ক্রিকেটারেরা দ্রুত দু’জনকে আলাদা করে দেন। ফলে বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোটাক বলেন, "ওরা হয়তো যশস্বীকে কিছু একটা বলেছিল। তাই মুহূর্তের উত্তেজনায় ওই ঘটনা। আমার মনে হয় না, ওর খুব কাছে গিয়েছিল যশস্বী। পুরোটাই মুহূর্তের উত্তেজনাবশত ঘটেছে।"
অনেকেই মনে করছেন, এমন অক্রিকেটীয় আচরণের জন্য শাস্তি পেতে পারেন যশস্বী। ম্যাচ রেফারির রিপোর্টের পর তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। যদিও শ্রীলঙ্কা যশস্বীর বিরুদ্ধে কোনও অভিযোগ জানায়নি। পুরো সিদ্ধান্তই এখন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের হাতে। শ্রীলঙ্কার বোলিং কোচ রিয়ান ভ্যান নিকার্কের কথায়, "আবেগের কারণেই এই ঘটনা। তাই এই উত্তেজনা! পুরো বিষয়টাই ম্যাচ রেফারির উপর ছেড়ে দিয়েছি। এবার ওনার সিদ্ধান্ত।" কলম্বো টেস্টে অবশ্য ভালোই শুরু করেছিলেন ভারতীয় ওপেনার। ৫৩ বলে ৪৫ রান করে ফার্নান্ডোর বলে বোল্ড হন তিনি। তাঁর ইনিংসে ছিল ৯টি চার। হাফসেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ফিরে আসার হতাশাও হয়তো এই ঘটনার পিছনে অন্যতম কারণ। তবে আবেগের বশে এমন আচরণ করে ফেলায় ম্যাচের পরিণতি কী হয়, এখন সেটাই দেখার।
