shono
Advertisement
Imran Khan

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের

ইমরানের চিকিৎসার বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ করা হয়েছে প্রাক্তন ক্রিকেটারদের চিঠিতে।
Published By: Kishore GhoshPosted: 11:55 PM Aug 23, 2026Updated: 11:56 PM Aug 23, 2026

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি লিখলেন ২১ জন প্রাক্তন অধিনায়ক। এর মধ্যে রয়েছেন ভারতের দুই ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাসকর ও কপিল দেব। ওই চিঠিতে অনুরোধ করা হয়েছে, ‘মানবিক চিকিৎসা এবং যথাযথ যত্ন’ নেওয়া হোক ইমরানের।

Advertisement

সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে ৭৩ বছরের ইমরানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও ফের তাঁকে জেল ফেরানো হয়েছে। এরপরেই কিংবদন্তি পাক অধিনায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সমসাময়িক বিশ্বে ক্রিকেটে তাঁর সতীর্থরা। জানা গিয়েছে, ইমরানের যথাযথ চিকিৎসার অনুরোধ জানিয়ে ২৩ আগস্ট প্রাক্তন ক্রিকেটাররা চিঠি পাঠিয়েছেন শাহবাজকে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজনীতি নয়, বরং ক্রিকেট মাঠে ইমরানের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের কারণেই এই চিঠি লিখছেন।

শাহবাজ শরিফের উদ্দেশে লেখা হয়েছে, “প্রিয় প্রধানমন্ত্রী, ছ’মাস আগে ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক আপনাকে এবং পাকিস্তান সরকারকে চিঠি লিখে ইমরান খানের যথাযথ চিকিৎসা এবং শারীরিক যত্ন নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। রাজনীতিবিদ হিসাবে নয়, প্রাক্তন সতীর্থ হিসাবেই আমরা চিঠি লিখেছিলাম। ক্রিকেট মাঠের বাইরেও আমাদের বন্ধুত্ব রয়েছে, যার কোনও সীমানা বা সমস্যা নেই যা দু’দেশকে ভাগ করতে পারে। সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে প্রাক্তন আরও কিছু অধিনায়ককে নিয়ে আমরা আবার চিঠি লিখছি।”

ইমরানের চিকিৎসা বিষয়ে পাক সুপ্রিম নির্দেশ মানা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে প্রাক্তন ক্রিকেটারদের চিঠিতে। লেখা হয়েছে, “পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ইমরান খানকে হাসপাতালে ভর্তি করতে হবে। একটি মেডিক্যাল বোর্ডকে দিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হবে। যেখানে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বোন উজমা খান উপস্থিত থাকবেন। আদালত সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতেরও নির্দেশ দিয়েছিল।"

আক্ষেপের সুরে চিঠিতে বলা হয়েছে, "কিন্তু ইমরান মাত্র কয়েক ঘণ্টাই হাসপাতালে ছিলেন। তাঁকে সরকার পরিচালিত চিকিৎসকেরা পরীক্ষা করেন। আদালতের নির্দেশ মানা হয়নি। চিকিৎসকের দল কাজ সম্পূর্ণ করার আগেই ইমরানকে ‘শারীরিক ভাবে সুস্থ’ বলে দিয়ে আদিয়ালা জেলে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের দেওয়া নির্দেশ যে মানা হয়নি সে কথা ইমরানের পরিবারই জানিয়েছে।”

২১ জন প্রাক্তন ক্রিকেটার তিনটি দাবি করেছেন। এক, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মেডিক্যাল বোর্ড গঠন করে তাদের দ্বারা স্বাধীন ভাবে ইমরানের স্বাস্থ্যপরীক্ষা। এর মধ্যে বিশেষভাবে চোখের চিকিৎসা রয়েছে। দুই, যাবতীয় প্রশাসনিক বাধা ডিঙিয়ে আদালতের নির্দেশ মেনে (ইমরানের) পরিবারের সদস্যদের সাপ্তাহিক সাক্ষাৎ নিশ্চিত করা। এবং তিন, বিলম্ব না করে মেডিক্যাল বোর্ডের পরামর্শ মেনে ইমরানের চিকিৎসা করা। চিঠির শেষে প্রাক্তন ক্রিকেটারর স্পষ্ট করেছেন, কোনওভাবেই তাঁরা পাকিস্তানের অভ্যন্তরীণ আইন বা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করতে চাইছেন না।

বিশ্বকাপ জয়ী পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইমরানের খানের পাশে দাঁড়িয়ে এই চিঠিতে সই করেছেন মাইকেল আথারটন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যালান বর্ডার, মাইকেল ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, বেলিন্ডা ক্লার্ক, অ্যালিস্টার কুক, লি জারমন, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, কিম হিউজ, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, অর্জুনা রণতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রস, স্টিফেন ওয়াহ, জন রাইট। ভারতের দিলীপ বেঙ্গসরকর, কপিল দেব এবং সুনীল গাভাসকর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement