বেঙ্গল প্রো টি-২০ লিগে প্রথম জয় পেয়েছে সার্ভোটেক শিলিগুড়ি। প্রথম দু'টো ম্যাচে পরাজয়ের পর পরের দুই ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে যায়। তবে অবশেষে জয়ে ফিরেছে সার্ভোটেক। জয়ের পর অরিঞ্জয় বোসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সার্ভোটেক শিলিগুড়ি অধিনায়ক অনুষ্টুপ মজুমদার।
প্রশ্ন: বেঙ্গল প্রো টি-২০ লিগে দল প্রথম জয় পেল। কেমন লাগছে?
অনুষ্টুপ: খুব ভালো লাগছে। প্রথম দু'টো ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম। পরের দু'টো ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। যে বাতিল হওয়া ম্যাচগুলো ছিল, তার মধ্যে একটা আমরা জিততে পারতাম। কিন্তু প্রকৃতির ওপর তো কারও হাত নেই। তবে অন্তত একটা জয় নিয়ে আমরা যাচ্ছি, এটা অবশ্যই তৃপ্তির।
প্রশ্ন: হাতে মোট চার পয়েন্ট। এই জয় কি সেমিফাইনালের দৌড়ে টিকিয়ে রাখল। আশা করা যায়?
অনুষ্টুপ: আশা তো আছেই। হারানোর কিছু নেই আমাদের কাছে। আমরা 'নাথিং টু লুজ' পরিস্থিতিতে পৌঁছে গেছি। বাকি দু'টি ম্যাচ জিততেই হবে আমাদের। এটা একটা ভালো দিক। টি-টোয়েন্টি যে ভয়ডরহীন খেলার দাবি করে, সেটা আমাদের খেলায় ফিরে এসেছে। এখন আমাদের একটাই লক্ষ্য। বাকি ম্যাচগুলোতে জয়। যদি আবার বৃষ্টি হয়, সেটা আলাদা কথা। কিন্তু আমাদের মরিয়া লড়াই লড়তে হবে। আজ সুরজ আর শিবন দারুণ পারফর্ম করেছে। তাদের ইনিংস গোটা দলের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে।
প্রশ্ন: এখন অবস্থা অনেকটাই 'ডু অর ডাই'-এর মতো। আর অঙ্কুরের হাফ সেঞ্চুরিও বড় ভূমিকা রেখেছে। এখন সাজঘরে আবহ কেমন?
অনুষ্টুপ: সাজঘরের প্রথম থেকেই আবহ খুবই ভালো। প্রথমদিকে পারফরম্যান্সে ঘাটতি ছিল, তবে আশা হারাইনি। ফিরে যে আসব, সেই বিশ্বাস ছিল। কিন্তু এখন আমরা ধীরে ধীরে ছন্দে ফিরছি। আজ আমরা বড় ব্যবধানে জিতেছি। যদি পরের দু'টো ম্যাচ জিততে পারি, তাহলে খুব সহজেই কোয়ালিফাই করে নিতে পারব।
প্রশ্ন: আজকের পার্টনারশিপ ছিল চমৎকার। ভবিষ্যতে কি টিম কম্বিনেশনে কোনও পরিবর্তন আসতে পারে?
অনুষ্টুপ: টিম কম্বিনেশন এখনও চূড়ান্ত নয়। ম্যাচ কত ওভারের হবে, বেশি না কম, সেই অনুযায়ী কম্বিনেশন বদলাতে পারে। তবে যেভাবে দল এখন আত্মবিশ্বাসে ভরপুর, আমরা বিশ্বাস রাখছি যে পরবর্তী ম্যাচগুলোও আমরা নিজেদের পক্ষে নিয়ে আসতে পারব।
