আয়ারল্যান্ড সিরিজের দলে জায়গা হয়নি বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy)। চোটের জন্য ভারতের টি-টোয়েন্টি সিরিজে নেই রহস্য স্পিনার। এর নেপথ্যে কি কেকেআরের 'গোয়ার্তুমি'? আইপিএলে চোট নিয়ে অনেকগুলো ম্যাচ খেলেছেন। সেটাই কি বরুণের ছিটকে যাওয়ার কারণ? তাঁর জায়গায় প্রিন্স যাদবকে দলে নেওয়া হয়েছে।
২৬ জুন থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজেই অভিষেক হবে বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর। প্রাথমিকভাবে সেই স্কোয়াডে রাখা হয়েছিল নাইট স্পিনার বরুণ চক্রবর্তীকে। কিন্তু এদিন বিসিসিআই থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বরুণ খেলতে পারবেন না। কারণ হিসেবে বলা হয়েছে, 'বরুণ চক্রবর্তী এই মুহূর্তে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেক্সে রিহ্যাবের চূড়ান্ত পর্যায়ে আছেন। আইপিএলে বাঁপায়ে চোট পেয়েছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন না।'
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের সময় চোট পেয়েছিলেন বরুণ। পরে জানা যায়, তাঁর গোড়ালিতে 'হেয়ারলাইন ফ্র্যাকচার' হয়েছে। এমনকী গোড়ালিতে ব্রেস লাগিয়ে ক্রাচ নিয়ে হাঁটতে হয়। যে কারণে একটি ম্যাচে খেলানো হয়নি। কিন্তু তখন নাইটদের সামনে প্লেঅফে ওঠার মরণবাঁচন ম্যাচ ছিল। যে কারণে তারপরের ম্যাচেই নামিয়ে দেওয়া হয়। পুরো চার ওভার বলও করেন। তখনই বোর্ডকর্তারা রুষ্ট হয়েছিলেন। বরুণ জাতীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি নিজের স্বার্থে তাঁকে চোট থাকা সত্ত্বেও খেলিয়ে দিতে পারে না। কিন্তু তারপরও বরুণকে খেলিয়ে যাওয়া হয়।
অনেকের বক্তব্য, সেটারই মাশুল দিতে হল। বরুণ না থাকায় স্পিন বিভাগের দায়িত্ব বর্তাবে রবি বিষ্ণোইয়ের উপর। প্রায় দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন। এবার বরুণের অনুপস্থিতিতে জায়গা পাকা করার সুযোগ থাকবে বিষ্ণোইয়ের কাছে।
