shono
Advertisement
Virat Kohli

রাজার রাজা এল... আইপিএলে প্রথম হিসেবে ৯০০০ রান কোহলির, বহু যোজন দূরে বাকিরা!

একদিকে যখন কোহলির ব্যাটে রেকর্ড, তখন দিল্লির ব্যাটিংয়ে শুধুই লজ্জা। পাওয়ারপ্লে'তে সর্বকালের সর্বনিম্ন স্কোর করল দিল্লি। বাংলার অভিষেক পোড়েলের ব্যাট কথা না বললে আইপিএলে সর্বকালের সর্বনিম্ন স্কোরের আগে গুটিয়ে যেতেন অক্ষর প্যাটেলরা।
Published By: Arpan DasPosted: 09:18 AM Apr 28, 2026Updated: 09:18 AM Apr 28, 2026

একাই ৯০০০! আইপিএলের সিংহাসনে বিরাট কোহলি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অপরাজিত থেকেছেন মাত্র ২৩ রানে। আর তাতেই নয়া নজির গড়লেন 'কিং' কোহলি। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯০০০ রান করলেন তিনি। এই তালিকায় আরসিবি তারকার ধারেকাছে কেউ নেই।

Advertisement

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ইনিংস শেষ হয় মাত্র ৭৫ রানে। তার মধ্যে পাওয়ারপ্লে'তে স্কোর ছিল ৬ উইকেট হারিয়ে ১৩। যা আইপিএলে পাওয়ারপ্লে'তে সর্বকালের সর্বনিম্ন স্কোর। জবাবে বেঙ্গালুরু শুরু থেকেই যে চালিয়ে খেলবে এতে আশ্চর্যের আর কী! ম্যাচ কার্যতই শেষ হয়ে গিয়েছিল দিল্লি ইনিংসের শেষেই। আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল বেঙ্গালুরু ইনিংসের সপ্তম ওভারে। কোহলির জোড়া ছক্কায়।

ইনিংসের ষষ্ঠ ওভারে দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলের বলে এক রান নিতেই ৯০০০ রানের ঘরে ঢুকে যান কোহলি। ২৭৫টি ম্যাচে এই নজির গড়লেন। সব মিলিয়ে রান ৯০১২। সর্বোচ্চ ১১৩। গড় ৪০.০৫। তার মধ্যে সেঞ্চুরি আছে ৮টি, হাফসেঞ্চুরি ৬৬টি। তার পিছনে যাঁরা আছেন, তাঁদের মধ্যে সর্বোচ্চ রান রোহিত শর্মার। মুম্বই ইন্ডিয়ান্স তারকার রান ৭১৮৩। অর্থাৎ কোহলির থেকে প্রায় ২০০০ রান পিছিয়ে। একনজরে দেখে নেওয়া যাক, আইপিএলে সর্বোচ্চ রান করা পাঁচ তারকার তালিকা।
বিরাট কোহলি- ২৭৫ ম্যাচে ৯০১২ রান
রোহিত শর্মা- ২৭৬ ম্যাচে ৭১৮৩ রান
শিখর ধাওয়ান- ২২২ ম্যাচে ৬৭৬৯ রান
ডেভিড ওয়ার্নার- ১৮৪ ম্যাচে ৬৫৬৫ রান
কেএল রাহুল- ১৫৮ ম্যাচে ৫৬০০ রান

একদিকে যখন কোহলির ব্যাটে রেকর্ড, তখন দিল্লির ব্যাটিংয়ে শুধুই লজ্জা। জশ হ্যাজেলউড ও ভুবনেশ্বর কুমারের গতি-সুইংয়ে মাত্র ১৩ রানে ৬ উইকেট পড়ে। যা আইপিএলে পাওয়ারপ্লে'তে সর্বকালের সর্বনিম্ন স্কোর। শেষ পর্যন্ত আইপিএলে সর্বকালের সর্বনিম্ন স্কোর (৪৯) করেনি, তার জন্য দায়ী বাংলার অভিষেক পোড়েলের ব্যাট। তিনি ৩০ রান না করলে আরসিবি'র শাপমোচন করে ৪৯ রানের অনেক আগেই অলআউট হয়ে যেত দিল্লি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement