ট্রফি জিতেও হাতে উঠল না ট্রফি। রবিবার দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ (Women's Asia Cup 2026) জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি নিতে গেলেন না হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। মঞ্চে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভি। একাধারে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানও। এর পরেই গ্যালারি থেকে উঠল 'ট্রফিচোর, ট্রফিচোর' স্লোগান। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
ম্যাচের শুরু থেকে গ্যালারিতে দেখা যায়নি নকভিকে। পাকিস্তান ফাইনালে উঠতে না পারায় তিনি হয়তো আসবেন না, এমনটাই মনে হয়েছিল। কিন্তু খেলার শেষ দিকে দেখা গেল, দেবজিৎ সাইকিয়া ও রাজীব শুক্লার ঠিক পিছনে বসে রয়েছেন তিনি। তখনই মনে হয়েছিল, এমনই কিছু ঘটতে চলেছে। খেলা শেষ হওয়ার প্রায় ৪৫ মিনিট পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতবার এক ঘণ্টারও বেশি দেরি হয়েছিল। এবার যেন নকভিও জানতেন, ভারত তাঁর হাত থেকে ট্রফি নিতে মঞ্চে আসবে না। এবং হলও তাই। মঞ্চেও পর্যন্ত রাখা হয়নি এশিয়া কাপের ট্রফি। প্রশ্ন হল, গতবারের ট্রফিই যখন সূর্যকুমাররা আজও অবধি পাননি। এবার কি হরমনপ্রীতদেরও ‘অপ্রাপ্তি’র পালা?
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুরুতে আম্পায়ার, ম্যাচ রেফারি এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের হাতে মেডেল তুলে দেওয়া হয়। রানার্স-আপের চেক শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে দেন নকভি। তার পরেই সঞ্চালক পারভেজ মাহরুফ জানিয়ে দেন, অনুষ্ঠান এখানেই শেষ। ভারতীয় ক্রিকেটারদের মঞ্চের চৌহদ্দিতেও দেখা যায়নি। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য এসিসি কর্তাদের সঙ্গে মাঠ ছাড়তে দেখা যায় নকভিকে।
এই সময় গ্যালারি থেকে জোরালো স্লোগান শোনা যায়। ঘটনাটি মনে করিয়ে দিয়েছে গত বছরের পুরুষদের এশিয়া কাপের ফাইনালের বিতর্ককেও। সেবারও নকভিকে নিয়ে একই রকম কাণ্ডে চ্যাম্পিয়ন ভারত ট্রফি না নিয়েই মাঠ ছেড়েছিল। কেন নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত? সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নের জবাব দেন ভারতীয় দলের কোচ। তিনি বলেন, “এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের। আমরা সেই সিদ্ধান্তের পাশেই আছি। আমাদের কাছে এই প্রতিযোগিতা শেষ। আমরা চ্যাম্পিয়ন। সেটাই যথেষ্ট।”
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার পরে ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়ন। এশিয়া কাপেই শুরু হয়েছিল করমর্দন-বিতর্ক। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটারেরা। এবারও সেই পুরনো ছবিরই পুনরাবৃত্তি। সেই সঙ্গে আবারও উঠল 'ট্রফিচোর' স্লোগান। কেউ মজা করে লিখেছেন, 'পুরুষ ও মহিলা মিলিয়ে ভারত ১৭ বার এশিয়া কাপ জিতেছে। শ্রীলঙ্কা জিতেছে ৭ ট্রফি। পাকিস্তান পুরুষ দলের ঝুলিতে দু'টি ট্রফি। মহসিন নকভির কাছেও দু'টো ট্রফি রয়েছে। যদিও সেই দুই ট্রফি নিয়ে চুরি করে পালিয়েছেন।'
