বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াই আরও কঠিন হল ভারতের পক্ষে। শ্রীলঙ্কা সিরিজের দু'টো টেস্ট জিততে পারলে শুভমান গিলরা কিছুটা উন্নতি করতেন পয়েন্ট টেবিলে। কিন্তু সে গুড়ে বালি। সোনাল দিনুশার অনবদ্য লড়াইয়ের কাছে ভারতকে মাথা নোয়াতে হল। গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে পারেনি ভারতীয় দল। সেই লজ্জার অতীত আবারও ফিরতে পারে, বৃহস্পতিবারের পর এমনটাই আশঙ্কা।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচ খেলে আটটায় জিতেছে তারা। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচে তিনটে জয় এসেছে তাদের। কিন্তু দু'বারের ফাইনালিস্ট ভারতের অবস্থা খুবই সঙ্গীণ। এবারের সাইকেলে ১১টা টেস্ট খেলে ফেলেছেন কে এল রাহুলরা। জয় এসেছে মাত্র পাঁচটিতে। চারটি টেস্ট হারতে হয়েছে ভারতীয় দলকে। ভারতীয় ভক্তকুলের আশা ছিল, অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কাক দুই টেস্টে হারিয়ে পয়েন্ট টেবিলে কিছুটা উন্নতি হবে।
প্রথম টেস্ট জেতার পর দ্বিতীয় টেস্টেও জয়ের দোরগোড়ায় চলে এসেছিলেন শুভমানরা। ফলো অন করান শ্রীলঙ্কাকে। কিন্তু সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে গেল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্রিজ কামড়ে পড়ে থাকলেন লঙ্কান ব্যাটাররা। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হল। পয়েন্ট তালিকায় উন্নতির স্বপ্নেও সলিল সমাধি। আপাতত মেন ইন ব্লু রয়েছে পঞ্চম স্থানে, বাংলাদেশেরও নিচে। ভারতের ঝুলিতে রয়েছে ৫১.৫২ শতাংশ পয়েন্ট। জিততে পারলে ৫৭.৫৮ শতাংশ পয়েন্ট পেতে পারত ভারত।
এর পরে আটটা টেস্ট আছে মেন ইন ব্লুর হাতে। তার মধ্যে ৭ বা ৮টা জয় পেলে ফাইনাল নিশ্চিত। ৬টা জয় হলে পয়েন্ট শতাংশ হবে ৬১.১১, ৬টা জয় ও দুটো ড্র করলে পয়েন্ট শতাংশ হবে ৬৪.৮১। গত দু’বার দেখা গিয়েছে ৬০ পয়েন্ট শতাংশ নিয়েও ফাইনালে ওঠা সম্ভব হয়েছে। কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ খেলতে হবে ভারতীয় দলকে। যেখানে ২০০৯-র পর কোনও টেস্ট জেতেনি ভারত। বৃহস্পতিবার ড্রয়ের পর কাজটা আরও কঠিন করে ফেললেন শুভমানরা। আগামী বছর ফাইনালে কি আদৌ খেলতে পারবে ভারত? বাংলাদেশেরও নিচে থাকা দলকে নিয়ে আশঙ্কায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
