একবছর পর ওয়ানডে বিশ্বকাপ। তার আগে দল গুছিয়ে নিচ্ছে টিম ইন্ডিয়া। চলতি মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানে ডাক পাবেন কারা? চর্চায় উঠে এসেছেন এমন পাঁচজনের নাম, যাঁরা টিম ইন্ডিয়ায় নিয়মিত নন। এর মধ্যে আছেন এক তরুণ ওপেনার। তাঁকে কি রোহিত শর্মার বিকল্প হিসেবে দেখা হচ্ছে?
তিনি হলেন যশস্বী জয়সওয়াল। টেস্ট দলে নিয়মিত। কিন্তু ওয়ানডেতে এখনও জায়গা পাকা করে উঠতে পারেননি। তবে শেষ তিনটে ওয়ানডের মধ্যে দু'টিতে সেঞ্চুরি করেছেন। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তিনি ডাক পেতে পারেন। তাছাড়া, যশস্বী থাকলে ওপেনে শুভমান গিলের সঙ্গে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন হবে। রোহিত শর্মা হয়তো প্রথম একাদশেই থাকবেন, যশস্বী তাঁর বিকল্প হতে পারেন।
সাম্প্রতিক সময়ে, রোহিতের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী বিসিসিআই পর্যন্ত মুখ খুলেছে। অনেকের মতে, যশস্বী দলে থাকা মানে রোহিতকে বার্তাও দিতে পারবেন কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর। এর সঙ্গে ডাক পেতে পারেন ঋষভ পন্থ। তবে তাঁকে আদৌ বিশ্বকাপের ছকে দেখা হচ্ছে কি না, সেটা প্রশ্ন। এশিয়াড খেলতে যাবেন ঈশান কিষানরা। তাঁর জায়গায় পন্থকে বিকল্প হিসেবে রাখা হতে পারে।
এছাড়া দু'টো ওয়ানডে সিরিজে অনুপস্থিত থাকার পর ফের ডাক পেতে পারেন রবীন্দ্র জাদেজা। তাঁর অবসর নিয়েও জল্পনা কম নয়। মহম্মদ সিরাজের ক্ষেত্রেও তাই। অন্যদিকে রুতুরাজ গায়কোয়ারও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে থাকতে পারেন। যখনই সুযোগ পেয়েছেন, তখনই নিজেকে প্রমাণ করেছেন। এমনকী গতবছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেও ব্রাত্য থেকে যান। চার নম্বরে শ্রেয়স আইয়ারের বিকল্প হতে পারবেন। শ্রেয়স এশিয়াডের দলকে নেতৃত্ব দেবেন।
