shono
Advertisement
Abhishek Sharma

জন্মদিনেই অভিষেকের কান ধরে ওঠবসের ভিডিও পোস্ট গুরু যুবরাজের, কেন শাস্তি পেলেন?

২৬ বছরে পা দিলেন অভিষেক শর্মা।
Published By: Arpan DasPosted: 05:45 PM Sep 04, 2026Updated: 05:45 PM Sep 04, 2026

২৬ বছরে পা দিলেন অভিষেক শর্মা। জন্মদিনে শুভেচ্ছার ঢল। বিসিসিআই থেকেও শুভেচ্ছাবার্তা জানানো হয়েছে। গুরু যুবরাজ সিং অভিষেকের জন্মদিন উদযাপন করছেন ঠিকই। তবে একটু অন্যভাবে। অভিষেককে কান ধরে ওঠবস করিয়ে। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল।

Advertisement

আসলে গুরু-শিষ্যের সম্পর্কের বাইরেও দু'জনের মিষ্টিমধুর সম্পর্কের কথা অজানা নয়। একদিকে যেমন ভারতের নতুন তারকাকে হাতে করে তৈরি করেছেন। তেমনই কড়া শাসনেও রাখেন। এমনকী অভিষেক জনপ্রিয় হয়ে যাওয়ার পরও গুরুবাক্য মেনে চলেন। তবে যুবরাজ এবার যে ভিডিওটি আপলোড করেছেন, সেখানে অনেক পুরনো ভিডিও-ছবি আছে। সেরকমই একটি ভিডিও হল টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এক নম্বর ক্রিকেটারের কানধরে ওঠবসের কাণ্ড।

সেখানে যুবরাজের নির্দেশমতো 'শাস্তি' পাওয়ার সঙ্গে অভিষেক বলতে থাকেন, "প্রথম বলে কখনই অন্ধের মতো ব্যাট চালাব না। প্রথম বলেই লিফটেড শট মারব না। আমি সময় নিয়ে ব্যাট করব। সব দিক দেখে, পরিস্থিতি বুঝে ব্যাট করব।" এর সঙ্গে ওঠবস করতে থাকেন অভিষেক। তবে শুধু এটাই নয়। আরও অনেক খুনসুটির মুহূর্ত পোস্ট করেছেন যুবরাজ। তার মধ্যে একটিতে ছিলেন সঞ্জু স্যামসন। তাতে যুবরাজ জিজ্ঞেস করেন, "তোমার কী চাই?" অভিষেক বলেন, "আপনার আশীর্বাদ।" আবার কোনওটায় অভিষেক ব্যাগ বহন করেন যুবি। সঙ্গে বলেন, 'ওর লজ্জা লাগা উচিত।'

সঙ্গে ক্যাপশনে ভারতের ২০১১ বিশ্বজয়ের নায়ক লিখেছেন, 'স্যর অভিষেক, আজ তোমার জন্মদিন। তুমি আজ যে মানুষটি হয়ে উঠেছ, তাকে আমার খুব ভালো লাগে। তুমি সবার খেয়াল রাখো। আবার নেতৃত্বের গুণ আছে। তুমি নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে জানো। আরও কঠোর পরিশ্রম করো! এবছর তোমার ব্যাট থেকে অনেক রান আসুক, সেঞ্চুরি করো। অনেক ভালোবাসা রইল।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement