shono
Advertisement
Mohammed Shami

ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার 'ব্রাত্য' শামির জন্য এগিয়ে এলেন জাহির খান

ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও জাতীয় দলে ব্রাত্য শামি। টিম ইন্ডিয়ায় ফেরার রাস্তাটাও বেশ কঠিন।
Published By: Arpan DasPosted: 09:23 PM Aug 09, 2026Updated: 09:23 PM Aug 09, 2026

মহম্মদ শামির আন্তর্জাতিক কেরিয়ার কি শেষ? এখনও তিনি বল হাতে আগুন ঝরাতে পারেন। রনজিতে বা আইপিএলে অনায়াসে উইকেট তোলেন। কিন্তু জাতীয় দলে ব্রাত্য। ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপে ডাক পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। তা বলে হাল ছাড়লে তো চলবে না। সেই জন্য এবার শামির জন্য এগিয়ে এলেন প্রাক্তন পেসার জাহির খান। বাংলার পেসারকে ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে হলে কী করতে হবে, সেই পরামর্শ দিলেন জাহির।

Advertisement

তাঁর সাফ বক্তব্য, "যা হাতে আছে, শুধু সেটা নিয়েই ভাবো। কীভাবে এগিয়ে যেতে হবে, সেটা ওর হাতেই আছে। যদি ও খেলে যায়, তাহলে ধরে নিতে হবে ও ২০২৭-র বিশ্বকাপের জন্য তৈরি। আমি বিষয়টা এভাবেই দেখি। কিন্তু জানি না, টিম ম্যানেজমেন্ট ব্যাপারটা কীভাবে দেখছে। শামিকে দেখতে হবে, ও কীভাবে দলের জন্য অবদান রাখতে পারে। ওর হাতে কতটা আছে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে যেন কাঁটাছেড়া না করে। শামির হাতে একটাই কাজ আছে। ম্যাচ খেলা ও পারফর্ম করা।"

জাহির যাই বলুন না কেন, শামির জন্য রাস্তাটা বেশ কঠিন। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নির্বাচকরা ১৫ জন তরুণ পেসারকে বেছে নিয়েছেন। যাঁরা ভবিষ্যতে বিভিন্ন ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে নতুন পেস আক্রমণ তৈরির পরিকল্পনা রয়েছে টিম ইন্ডিয়ার। সেখানে শামির জায়গা নেই বলেই খবর। এমনকী এই নিয়ে আনুষ্ঠানিকভাবেও কিছু জানানো হবে না। অর্থাৎ নীরবেই বিদায় ঘটবে শামির। যেরকম হয়েছিল চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা বা ঋদ্ধিমান সাহার।

তবে, অনেকের মত জশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে শামিকে দেখে নেওয়া যেতে পারে। কারণ বুমরাহর চোট-আঘাতের সমস্যা রয়েছে। শেষ মুহূর্তে বিপাকে পড়লে একজন অভিজ্ঞ বোলার প্রয়োজন। সেখানে শামির থেকে ভালো বিকল্প পাওয়া মুশকিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement