shono
Advertisement

Breaking News

Sonam wangchuk

সোনমের অনশন ভাঙতে উদ্যোগী, কিন্তু ধর্মেন্দ্রে চুপ! মৌন ভাঙুক সরকার

সোনমকে অনশন থেকে নিবৃত্ত করার কাজে কেন্দ্র সবরকমভাবে উদ্যোগী হলেও ধর্মেন্দ্রকে সরানোর ব্যাপারে এখনও নিশ্চুপ।
Published By: Amit Kumar DasPosted: 07:37 PM Jul 18, 2026Updated: 07:37 PM Jul 18, 2026

সোনম ওয়াংচুকের স্বাস্থ্যর উপর নজরদারির পাশাপাশি কেন্দ্রের উচিত- দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে পদক্ষেপ করা।

Advertisement

পরিবেশকর্মী, বিজ্ঞানসাধক, শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেশজুড়ে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাঁর আমরণ অনশন ২০ দিন পার করেছে। সোনমকে অনশন থেকে নিবৃত্ত করার কাজে কেন্দ্র সবরকমভাবে উদ্যোগী হলেও ধর্মেন্দ্রকে সরানোর ব্যাপারে এখনও নিশ্চুপ। অনশন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় সোনমও। এই আবহে বৃহস্পতিবার ডাক্তারিতে ভর্তি হওয়ার পরীক্ষা 'নিট'-এর ফল নির্বিঘ্নে প্রকাশিত হয়েছে। ১১ লক্ষের উপর পরীক্ষার্থী সফল। নিটের ফল নিয়ে এখনও পর্যন্ত কোনও বিতর্ক না হওয়ায় হয়তো কিছুটা সুবিধাজনক অবস্থায় কেন্দ্র।

উল্টো দিকে, সোনমের অস্বস্তি বাড়িয়ে বিলেতে বসে আমির খান ঘোষণা করেছেন, তাঁর 'থ্রি ইডিয়টস' ছবিটির 'ফুংসুখ ওয়াংরু' চরিত্রটির সঙ্গে সোনমের সম্পর্ক নেই। আমিরের দাবি, 'থ্রি ইডিয়টস' ছবিটি করার আগে তিনি বা পরিচালক রাজকুমার হিরানি, কেউই সোনমের কথা জানতেন না। যদিও সোনম অতীতে জানিয়েছিলেন, 'থ্রি ইডিয়টস' ছবিটি মুক্তি পাওয়ার এক বছর আগেই তাঁর সঙ্গে আমিরের সাক্ষাৎ হয়েছিল। লাদাখে তাঁর স্কুলে শুটিং করার জন্য 'থ্রি ইডিয়টস'-এর ইউনিটও হাজির হয়েছিল। কিন্তু তাঁরা রাজি না-হওয়ায় শেষ পর্যন্ত শুটিং হয়নি। সোনমের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে যে পর্দার ফুংসুখ ওয়াংরু নির্মিত হয়েছিল সে-কথা মানতে না চাইলেও যন্তর মন্তরের আন্দোলনকে আমির দু'-হাত তুলে সমর্থন জানিয়েছেন। শুধু আমির কেন, প্রায় সমগ্র বলিউডই সোনমের পাশে দাঁড়িয়েছে।

সোনমের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে যে পর্দার ফুংসুখ ওয়াংরু নির্মিত হয়েছিল সে-কথা মানতে না চাইলেও যন্তর মন্তরের আন্দোলনকে আমির দু'-হাত তুলে সমর্থন জানিয়েছেন।

এই মুহূর্তে দেশজুড়ে সামাজিক আন্দোলনের একটি মুখ হয়ে উঠেছেন সোনম। কেউ কেউ তাঁকে ঘিরে 'জেন জি' উত্থানের স্বপ্নও দেখছে। সোনমের এবারের আন্দোলন জুড়ে রয়েছে 'ককরোচ জনতা পার্টি'- অনেকের কাছে যা 'জেন জি' প্রজন্মের আয়না। কিছু দিন আগে লাদাখের স্বায়ত্তশাসনের
দাবিতে সোনমের আন্দোলনেও 'জেন জি'র উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ২০ জুলাই 'ককরোচ জনতা পার্টি' ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে সংসদ অভিযানের ডাক দিয়েছে। তাতে সোনমের নেতৃত্ব দেওয়ার কথা। নিট ইউজির বিতর্কহীন ফল এই জেন জি-দের এই আন্দোলনের তীব্রতাকে প্রশমিত করবে কি না তা সংসদের বাদল অধিবেশনের সূচনার দিনটিতে রাজধানীর পথঘাটই বলে দেবে।

তবে আপাতত দেশের প্রার্থনা, সোনম সুস্থ থাকুন। দিল্লি হাই কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে প্রতি মুহূর্তে সোনমের শারীরিক অবস্থার উপর নজর রাখতে। প্রয়োজনে চিকিৎসকদের হস্তক্ষেপ করতে। এই নির্দেশের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রামমনোহর লোহিয়া-সহ রাজধানীর তিনটি সরকারি হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ দিয়েছে দিনে অন্তত তিনবার করে সোনমের স্বাস্থ্য পরীক্ষা করার। তাঁর স্বাস্থার উপর নজরদারির পাশাপাশি কেন্দ্র আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে দ্রুত পদক্ষেপ করুক- এ দাবিও দেশজুড়ে তীব্র। এমন সংকটের মুখে কেন্দ্রের নিশ্চুপ হয়ে বসে থাকা নিঃসন্দেহে দায়িত্বজ্ঞানের পরিচয় নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement