সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পালাচ্ছেন এক প্রৌঢ় আর প্রৌঢ়া। হয়তো দিকশূন্যপুরে। একসঙ্গে বড় কিছু করবে বলে একজোট হচ্ছে দুই ঈষৎ খ্যাপা তরুণ-তরুণী। অসুস্থ কেউ প্রাণপণে আঁকড়ে ধরছে তার রুপোলি পর্দার ক্রাশকে। আবার পাসপোর্টে স্ট্যাম্প মারতে মারতে এক মধ্যবয়স্ক মানুষ মনে করছেন, উলটোদিকে যিনি বসে তিনি রাজি হলে আর দু’জনকেই একা থাকতে হবে না। আসলে প্রেম কী তা তো প্রমাণ করা যায় না। শুধু মন থেকে মনে বয়ে চলে ভালবাসার অলীক নদী। সে নদীর পারেই যেন ক্ষণিকের জন্য দাঁড় করিয়ে দিল ‘আহারে মন’-এর ট্রেলার।
প্রতীম ডি গুপ্তা মানেই স্মার্ট ঝকঝকে সিনেমা। অথচ সে গল্প যেন সমস্ত গ্ল্যামার পেরিয়ে ডুব দেয় অন্য এক গহনে। চোখের আলোয় চোখের বাহিরে দেখা নয়। ডাক পাঠায় অন্তরের আলোয় দেখার দুনিয়ায়। মাছের ঝোলের স্বাদ তো দেখা যায় না। দেখা যায় না তার সঙ্গে মিশে থাকা আবেগ-অনুভূতির নানা রঙের পর্দাগুলিকে। দেখা যায় শুধু গল্পটুকু। তবে সার্থক গল্পকারই পারেন গল্পের সূত্র ধরে গল্পের ওপারে সেই আবেগের দেশে হাজির করাতে। নিঃসন্দেহে প্রতীম সে কাজে সফল। তাঁর ‘মাঝের ঝোল’ বা ‘সাহেব বিবি গোলাম’-এ সিনেমার ভাষায় নিখুঁত নির্মাণ হয়েছিল কাহিনির। একই আভাস আহারে মন-এর ট্রেলারেও।
[ দর্শকদের ফের জঙ্গল অভিযানে নিয়ে যেতে আসছে ‘মোগলি’ ]
আসলে প্রেম কী, তার প্রমাণ সত্যিই মেলে না। কবি আশ্রয় নেন সন্ধ্যাতারার কাছে। আর প্রতীম বোধহয় আশ্রয় নিয়েছেন ছোট ছোট অনেকগুলি গল্পের কাছে। বলা যায় চরিত্রের কাছে। হয়তো সকলের কাহিনি মিলে একটাই গল্প। তবু প্রতি চরিত্রের বদলে বদলে যায় অনুভূতির রং। পরতে পরতে মিশে থাকে আলাদা স্বাদ। পালিয়ে যাওয়া প্রৌঢ়া যখন পাশের মানুষটিকে বলেন, হয়তো একা ফিরতে হবে, আমরা যেন আবার টের পাই প্রেম কোনও উপপাদ্য নয়। অনুভবের কোনও সমীকরণ হয় না।
[ এবার বড়পর্দায় ‘দাদাগিরি’? সৌরভের বায়োপিক নিয়ে জোর জল্পনা বলিউডে ]
অঞ্জন দত্ত, মমতাশংকর, আদিল হোসেন, ঋত্বিক চক্রবর্তী- তুখড় অভিনেতাদেরই বেছেছেন পরিচালক। ফলে পারফরম্যান্স যে ওভার বাউন্ডারি হবে তা ট্রেলার দেখলেই আঁচ করা যায়। প্রশ্ন এখন একটাই, এই বুননটা কীরকম? কীভাবে মনখারাপের মনতাজে বেজে উঠবে দর্শকের মনও! কিংবা প্রৌঢ়দের একদিন ওই পালিয়ে যাওয়ার অভীপ্সায় কীভাবে রেঙে উঠবে তরুণ একটা প্রেম? প্রতীমের আগের কাজের নমুনা জানাচ্ছে, এই নির্মাণে তিনি দক্ষ। সুতরাং আশা জাগে, অপেক্ষা থাকে। মনখারাপের রিংটোন আর অঞ্জনের গলায় রবি ঠাকুরের গান, ট্রেলারেই তো প্রায় দুহাত ভরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন পরিচালক। ছবিমুক্তি ২২ জুন।
The post মনকেমনের মনতাজ ‘আহারে মন’, ট্রেলারেই প্রেমের অলীক পৃথিবীতে হারানোর ডাক appeared first on Sangbad Pratidin.
