বাইরে প্রচণ্ড গরম। অতিরিক্ত আর্দ্রতা। শরীর ভালো রাখতে যখন চতুর্দিকে লেবুর খোঁজ, তখন সাধের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে? এই সমস্যা থেকে রেহাই পেতে কী করবেন, তা ভেবে পাচ্ছেন না? চলুন জেনে নেওয়া যাক কোন টোটকায় মৃতপ্রায় লেবু গাছকে ফের তরতাজা করা যায়।
Advertisement
- উদ্যানপালন বিশেষজ্ঞদের মতে, গাছের ক্ষতি রুখতে প্রথমেই মাটির দিকে নজর দেওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় নার্সারি থেকে কেনা গাছের গোড়ায় এঁটেল মাটি থাকে। তাতে গাছের সমস্যা হয়। তাই গাছ কিনে আনার পর গোড়া ভালো করে ধুয়ে নিন। জলে ফাঙ্গিসাইড মিশিয়ে ১০-১৫ মিনিট গাছের শিকড় ডুবিয়ে রাখুন। তারপর অন্য কোনও টবে গাছটি সরান। সেক্ষেত্রে টবে বেলে কিংবা দোআঁশ মাটি দিন। সঙ্গে মেশান কোকোপিট, ভার্মি কম্পোস্ট, গোবর সার। মাটি হবে ঝুরঝুরে। সহজেই জল বেরিয়ে যেতে সহায়ক।
- এছাড়া যে টবে গাছটি বসিয়েছেন সেখানে জল বেরনোর রাস্তা রয়েছে কিনা দেখুন। আবার গাছের গোড়া শুকিয়ে যাওয়ার পরেও জল দেওয়া না হলে এই সমস্যা হতে পারে।
- অনেক সময় গাছে আমরা ভুল সার দিয়ে ফেলি। তার ফলে গাছ বেড়ে ওঠার বদলে গোড়া পচে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাও দেখা দেয়। তাই মাটিতে সার প্রয়োগের ক্ষেত্রে সাবধান হোন। ভালো করে পড়াশোনা করে তবেই গাছের গোড়ায় সার দিন।
- নতুন করে গাছ বসানোর পর অবশ্যই রোদ, জলের পরিমাণের দিকে বিশেষ নজর রাখুন।
- লেবু গাছে সূর্যালোক প্রয়োজন ঠিকই। তবে অতিরিক্ত কড়া রোদে গাছটি রাখবেন না। তাতে গাছের ক্ষতি হতে পারে।
- টবের মাটি না শুকনো পর্যন্ত জল দেবেন না। তাতে গাছের গোড়া পচে যেতে পারে।
- এই সময় টব নাড়াচাড়া করলে একটু সাবধান হোন।
এই সহজ কৌশলেই আপনার লেবু গাছ ফের ফিরে পাবে প্রাণ। হয়ে উঠবে সতেজ ও সবুজ।
